ঈদের ছুটি বাতিল করে নতুন নির্দেশনা এনবিআরের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৩:০২ পিএম
ঈদের ছুটি বাতিল করে নতুন নির্দেশনা এনবিআরের

ফাইল ছবি

ঢাকা: ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া কাস্টমস হাউসগুলোর ছুটি আংশিকভাবে বাতিল করে নতুন নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
 
নির্দেশনা অনুযায়ী, আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখতে ঈদের দিন ছাড়া বাকি ছুটির দিনগুলোতে সীমিত আকারে কাস্টমস হাউসগুলোর আমদানি-রপ্তানি কার্যক্রম চালু থাকবে।

সোমবার (০৯ মার্চ) এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) রেজাউল করিম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সাপ্তাহিক ছুটি ও ঈদের ছুটির দিনগুলোতে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নির্দেশনায় এনবিআর জানায়, ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, আইসিডি কমলাপুর, মোংলা ও পানগাঁও কাস্টম হাউসের কমিশনারদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

এছাড়া ঢাকা (উত্তর), ঢাকা (পশ্চিম), ঢাকা (পূর্ব), ঢাকা (দক্ষিণ), চট্টগ্রাম, রাজশাহী, যশোর, খুলনা, সিলেট, রংপুর ও কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারদের কাছেও একই নির্দেশনা পাঠানো হয়েছে।

এএইচ/পিএস

Link copied!