নোয়াখালীতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় সভা

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৪:৩২ পিএম
নোয়াখালীতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় সভা

ছবি: সংগৃহীত

নোয়াখালীতে দেশের শীর্ষস্থানীয় শরিয়াহভিত্তিক ব্যাংক আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’র এজেন্ট ব্যাংকিং কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর নোয়াখালী অঞ্চলের ৫৪টি এজেন্ট আউটলেটের মালিক, ছয়টি লিংক শাখার ব্যবস্থাপক, আউটলেট ম্যানেজার ও গ্রাহকরা এতে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঁঞা এবং বিশেষ অতিথি হিসেবে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মমতাজুল হক। ফেনী শাখার ব্যবস্থাপক মাহমুদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সভায় অংশগ্রহণকারীরা এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের বিভিন্ন সমস্যা, সমাধানের উপায়, আমানত বৃদ্ধি, গ্রাহকসেবা উন্নয়ন এবং কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করেন।

প্রধান অতিথি বলেন, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় শরিয়াহসম্মত আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে কাজ করছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক। তিনি এজেন্ট ও শাখা ব্যবস্থাপকদের সমন্বিতভাবে কাজ করে আমানত বৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তি জোরদারের আহ্বান জানান। পাশাপাশি লেনদেনের সময় ফিঙ্গারপ্রিন্ট যাচাই, অটো জেনারেটেড রিসিপ্ট ও এসএমএস নিশ্চিত করার বিষয়ে গ্রাহকদের সচেতন থাকার পরামর্শ দেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা সমন্বিতভাবে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম আরও গতিশীল করার এবং প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসএইচ 
 

Link copied!