চাল-ডাল-তেলসহ ৬০ নিত্যপণ্যে কমছে কর, দামে স্বস্তি পাবেন ভোক্তারা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১১, ২০২৬, ১০:৫৯ এএম
চাল-ডাল-তেলসহ ৬০ নিত্যপণ্যে কমছে কর, দামে স্বস্তি পাবেন ভোক্তারা

ফাইল ছবি

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের স্বস্তি ও জীবনযাত্রার মানোন্নয়নে বড় ধরনের ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় ও মৌলিক কৃষিজাত ৬০টি পণ্যের ওপর উৎসে কর উল্লেখযোগ্য হারে হ্রাস করার প্রস্তাব করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে পাইকারি ও খুচরা বাজারে পণ্য সরবরাহ খরচ এক লাফে অনেকটাই কমে আসবে, যার সরাসরি সুফল পাবেন দেশের সাধারণ ভোক্তারা।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, আগে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ও কৃষিপণ্যের ওপর উৎসে করের হার ছিল পণ্যভেদে ১ শতাংশ, ২ শতাংশ কিংবা ৫ শতাংশ। নতুন বাজেটের প্রস্তাবে এই সব ধরনের করের হার এক ধাক্কায় কমিয়ে মাত্র ০.৫ (দশমিক ৫) শতাংশ নির্ধারণ করার কথা বলা হয়েছে।

এনবিআরের কর্মকর্তারা বলছেন, নিত্যপণ্যের বাজারমূল্য সহনশীল রাখতে এবং উৎপাদন ও সরবরাহ চেইন সচল রাখতেই করের হারে এই ঐতিহাসিক ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেসব প্রধান পণ্যে কর কমছে:
বাজেট প্রস্তাব অনুযায়ী, প্রধান খাদ্যশস্য ও কৃষিজাত পণ্যের মধ্যে ধান, চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল এবং বিভিন্ন ধরনের বীজের ওপর এই করছাড় সুবিধা মিলবে। এ ছাড়া সাধারণ মানুষের আমিষের চাহিদা মেটানোর বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে গবাদিপশু, হাঁস-মুরগি ও মাছের ওপরও এই উৎসে করের হার কমিয়ে দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব কার্যকর হতে যাচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এমন দূরদর্শী সিদ্ধান্ত দেশের প্রতিটি ব্যক্তি ও পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে। আমদানি ও স্থানীয় সরবরাহ উভয় ক্ষেত্রেই করের বোঝা কমে যাওয়ায় বাজারে পণ্যের দাম কমবে, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে সাহায্য করবে।

এসএইচ 

Link copied!