টানা ষষ্ঠবারের মতো বাড়লো সোনার দাম, কাল থেকেই রেকর্ড দামে বিক্রি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৯:২০ পিএম
টানা ষষ্ঠবারের মতো বাড়লো সোনার দাম, কাল থেকেই রেকর্ড দামে বিক্রি

দেশের বাজারে টানা ষষ্ঠবারের মতো বেড়ে সোনার দামে ফের নতুন রেকর্ড করেছে। এবার সোনার দাম ভরিতে চার হাজার ১৯৯ টাকা পর্যন্ত বেড়েছে। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি (২২ ক্যারেটের) সোনা বিক্রি হবে দুই লাখ ২৬ হাজার ২৮২ টাকায়। আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম বাড়ার তথ্য জানায়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দুই লাখ ১৬ হাজার ১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৮৫ হাজার ১৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৫৪ হাজার ৩১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে রুপার দাম আরও বাড়ল। ২২ ক্যারেটের রুপার ভরি পাঁচ হাজার ১৩২ টাকা।

২১ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৮৯৮ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ১৯৯ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এম

Link copied!