জ্বালানি তেলের দাম বাড়ানোর ইঙ্গিত 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৩:০৬ পিএম
জ্বালানি তেলের দাম বাড়ানোর ইঙ্গিত 

ফাইল ছবি

চলমান সংকটময় পরিস্থিতির উন্নতি না হলে দেশে জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। 

বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হলে দীর্ঘ সময় জ্বালানিতে সরকার ভর্তুকি দিয়ে যেতে পারবে না। এপ্রিল মাসে দাম বাড়বে না-এটি আগেই জানানো হয়েছে। তবে পরিস্থিতির উন্নতি না হলে ভবিষ্যতে জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে।

এর আগে গত ৩১ মার্চ জ্বালানি বিভাগ জানিয়েছিল, এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে। মার্চ মাসেও তেলের দাম বাড়ানো হয়নি। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একাধিক কর্মকর্তা জানান, জনগণের কথা বিবেচনা করেই তখন দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সংবাদ ব্রিফিংয়ে জাহেদ উর রহমান আরও বলেন, জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে কিছু উদ্বেগ তৈরি হয়েছে। তবে আগের তুলনায় সরবরাহ কিছুটা কমলেও তা তীব্র সংকটের পর্যায়ে পৌঁছায়নি। অনেক ক্ষেত্রে আতঙ্ক থেকেই পরিস্থিতি জটিল হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সংকট মোকাবেলায় ‘ফুয়েল অ্যাপ’ বা ‘ফুয়েল পাস অ্যাপ’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। অ্যাপটির পাইলট কার্যক্রম ইতোমধ্যে ঢাকায় শুরু হয়েছে এবং সাতটি পেট্রোল পাম্পে এটি পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে।

তবে অ্যাপটি এখনো পুরোপুরি নির্বিঘ্নভাবে কাজ করছে না জানিয়ে তিনি বলেন, কিছু কারিগরি সমস্যা রয়েছে, যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে। সরকার আশা করছে, এটি পুরোপুরি চালু হলে জ্বালানি নিতে দীর্ঘ লাইনের ভোগান্তি অনেকটাই কমে আসবে।

তিনি আরও জানান, এ বিষয়ে সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং জ্বালানি বিভাগের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত অ্যাপটি পূর্ণাঙ্গভাবে চালুর আশ্বাস পাওয়া গেছে। নাগরিকদেরও এ বিষয়ে পরামর্শ দিতে অনুরোধ করা হয়েছে।

এসএইচ 

Link copied!