সাত দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০১:০৭ পিএম
সাত দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ

ছবি : প্রতিনিধি

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ এবং এমডি ওমর ফারুক খানকে পদে পুনর্বহালসহ সাত দফা দাবিতে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। 

বুধবার (০৩ জুন) ঢাকায় প্রধান কার্যালয়ের সামনে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেন তারা।

সকাল ১১টার দিকে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামে’র ব্যানারে বিক্ষোভকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে মতিঝিলের দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভে অংশ নেন।

এ সময় সাত দফা দাবিগুলোর মধ্যে রয়েছে-১. ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগকৃত চেয়ারম্যান খুরশীদ আলমকে পদত্যাগ করতে হবে। ২. ওমর ফারুক খানকে এমডি পদে পুনর্বহাল করতে হবে। ৩. লুটপাটের সাথে জড়িত কেউই ইসলামী ব্যাংকের বোর্ডে থাকতে পারবে না। ৪. ব্যাংক রেজুলেশন অ্যাক্ট থেকে ১৮(ক) ধারা বাতিল করতে হবে। ৫. এস আলমের দখলকৃত মালিকানা ও দেশে থাকা তার সম্পত্তি বিক্রি করে লুট করা অর্থের সমন্বয় করতে হবে। ৬. শুধু ইসলামী ব্যাংক নয়, এস আলম যাতে কোনো ব্যাংকেই ফিরতে না পারে সেই ব্যবস্থা করতে হবে এবং ৭. ইসলামী ব্যাংকসহ সব ব্যাংক লুটকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। পরে সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই গ্রাহক ও শেয়ারহোল্ডারদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

এএইচ/পিএস

Link copied!