শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সোলার লাইট স্থাপন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬, ০৬:০৬ পিএম
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সোলার লাইট স্থাপন

ছবি: নিজস্ব

ঢাকা: করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন লক্ষ্মীপুর জেলায় ৫০ ইউনিট সোলার লাইট স্থাপন করেছে। পরিবেশবান্ধব এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জেলার বিভিন্ন গ্রামীণ সড়ক ও জনপথ আলোকিত হবে। পাশাপাশি বিদ্যুতের ওপর নির্ভরশীলতাও কমবে বলে সম্প্রতি সরেজমিন পরিদর্শনে এ তথ্য জানা যায়।

সরেজমিনে দেখা যায় প্রতিটি সোলার লাইটের আলো প্রায় ২০০ গজ এলাকা পর্যন্ত বিস্তৃত হয়। ফলে দীর্ঘদিনের অন্ধকারাচ্ছন্ন সড়ক ও জনপথে নিরাপদ চলাচল নিশ্চিত হচ্ছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের সময় সাধারণ মানুষ, পথচারী ও শিক্ষার্থীরা এ উদ্যোগের সুফল বেশি ভোগ করতে পারছে।

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির লক্ষ্মীপুর শাখার ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির জানান, চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়ন থেকে বড় পিলারের মাধ্যমে লক্ষ্মীপুরে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সৌর বিদ্যুৎ চালিত সোলার লাইট স্থাপনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। 

সমাজকল্যাণমূলক এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন বিদ্যুৎ সাশ্রয় হবে, অন্যদিকে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বৃদ্ধি পাবে এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামীণ এলাকায় সোলার লাইট স্থাপনের এ উদ্যোগ নিরাপদ চলাচল নিশ্চিত করার পাশাপাশি চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রবণতা কমাতেও সহায়ক হবে। এমন জনকল্যাণমূলক উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন। শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে উক্ত কার্যক্রম অদূর ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

পিএস
 

Link copied!