মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে এনএভি বিবেচনার আহ্বান

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৬, ০৩:৪৬ পিএম
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে এনএভি বিবেচনার আহ্বান

ছবি : সংগৃহীত

ঢাকা: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ফান্ডের সর্বশেষ প্রকাশিত নিট সম্পদ মূল্য (এনএভি) পার ইউনিট এবং অন্যান্য তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (৫ অক্টোবর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিএসইসি জানিয়েছে, মিউচুয়াল ফান্ড হলো সংগঠিত ও নিয়মিত বিনিয়োগের একটি মাধ্যম। সাধারণত ট্রাস্ট কাঠামোর মাধ্যমে গঠিত এসব ফান্ডের ইউনিট ইস্যুর মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে নির্ধারিত নীতিমালা অনুযায়ী বিভিন্ন আর্থিক উপকরণ ও সম্পদে বিনিয়োগ করা হয়।

ফান্ডের সম্পদ মূলত বিভিন্ন আর্থিক উপকরণ ও অন্যান্য বিনিয়োগযোগ্য সম্পদে বিনিয়োগ করা হয়, যেগুলো বাজারদরের ভিত্তিতে মূল্যায়ন করা সম্ভব। এসব সম্পদের বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডের মোট সম্পদের মূল্য নির্ধারণ করা হয়। দায়-দেনা বাদ দেওয়ার পর যে নিট সম্পদমূল্য পাওয়া যায়, সেটিই ফান্ডের Net Asset Value (NAV)। ফান্ডের মোট নিট সম্পদমূল্যকে মোট ইউনিট সংখ্যা দিয়ে ভাগ করে প্রতিটি ইউনিটের NAV per Unit নির্ধারণ করা হয়।

কমিশন বলেছে, কোনো কোনো ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের ইউনিট সংশ্লিষ্ট ফান্ডের প্রতি ইউনিটের নিট সম্পদমূল্যের চেয়ে বেশি বা কম দামে লেনদেন হতে পারে। ফলে ইউনিটের বাজারমূল্য ও অন্তর্নিহিত নিট সম্পদমূল্যের মধ্যে উল্লেখযোগ্য বা অস্বাভাবিক ব্যবধান থাকলে বিনিয়োগকারীদের সতর্ক হওয়া প্রয়োজন।

বিএসইসি আরও জানিয়েছে, মিউচুয়াল ফান্ডের ইউনিটের মূল্যায়নের ক্ষেত্রে ফান্ডের অন্তর্নিহিত সম্পদের মূল্য বা এনএভি গুরুত্বপূর্ণ বিষয়। কোনো মিউচুয়াল ফান্ড নগদায়ন (লিকুইডেশন) করা হলে ইউনিটহোল্ডাররা ফান্ডের নিট সম্পদমূল্যের তুলনায় বেশি অর্থ পাওয়ার সুযোগ পান না।

এ পরিপ্রেক্ষিতে সাধারণ বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়ে বিএসইসি বলেছে, মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট ফান্ডের সর্বশেষ প্রকাশিত NAV per Unit, অন্যান্য তথ্য এবং ফান্ডের আর্থিক অবস্থা বিবেচনা করতে হবে।

শুধু গুজব, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য বা কোনো নির্দিষ্ট ইউনিটের মূল্য বৃদ্ধি পেয়েছে—এমন তথ্যের ভিত্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত না নেওয়ার জন্যও বিনিয়োগকারীদের পরামর্শ দিয়েছে কমিশন।

এএইচ/পিএস

Link copied!