নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের নিয়ে যে নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৭:২৬ পিএম
নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের নিয়ে যে নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও সুপারিশবঞ্চিত প্রার্থীদের বিষয়ে প্রতিবেদন প্রস্তুত করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-কে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রবিবার (১ মার্চ) এনটিআরসিএর সঙ্গে আলোচনায় মন্ত্রী এ নির্দেশনা দেন।

সভায় উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান, যুগ্মসচিব মো. হেলালুজ্জামান সরকারসহ এনটিআরসিএর শীর্ষ কর্মকর্তারা।

এনটিআরসিএর এক কর্মকর্তা জানান, ১-১২তম নিবন্ধনধারীদের পাশাপাশি ১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের বিষয়েও একটি প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে। এজন্য একটি কমিটি গঠন করা হবে এবং শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুত প্রতিবেদন জমা দেওয়া হবে।

তিনি আরও জানান, শিক্ষামন্ত্রী এপ্রিলের মধ্যে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন। জুন মাসের মধ্যে ভাইভা শেষ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা অনুযায়ী এনটিআরসিএ চেয়ারম্যান কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এসএইচ 
 

Link copied!