ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বজুড়ে নির্মিত সেরা কাজের স্বীকৃতি দিতে আগামী নভেম্বরে বসতে যাচ্ছে ৫৪তম আন্তর্জাতিক এমি পুরস্কারের আসর। বিশ্বমানের বৈচিত্র্যময় কনটেন্টের সেই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় এবার জায়গা করে নিয়েছে বাংলাদেশের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের ইতিহাস। চব্বিশের জুলাই আন্দোলনের ৩৬ দিনের গতিপ্রবাহ নিয়ে নির্মিত আলোচিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগে চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে।
অফিসিয়াল সূত্রে জানা গেছে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী ব্যানার ‘আল জাজিরা ইনভেস্টিগেটস’-এর অধীনে নির্মিত এই তথ্যচিত্রটির উপস্থাপনকারী দেশ কাতার। তবে এর মূল গবেষক ও প্রধান ইনভেস্টিগেটর হিসেবে কাজ করেছেন বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের।
আন্তর্জাতিক এই স্বীকৃতিতে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে সায়ের জানান, এ অর্জন মূলত সেইসব শিক্ষার্থী, শ্রমজীবী ও সাধারণ মানুষের, যাঁরা ওই কঠিন ৩৬টি দিন পার করেছেন এবং জীবন বিসর্জন দিয়েছেন।
সাফল্যের এই খবর প্রকাশ পেতেই দেশীয় সংস্কৃতি অঙ্গনে বইছে আনন্দের হাওয়া। গুণী নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী ও আশফাক নিপুণ সামাজিক মাধ্যমে প্রামাণ্যচিত্রটির সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান। ফারুকী উল্লেখ করেন, ফ্যাসিবাদের জঘন্য অপরাধগুলো বিশ্বের সামনে উন্মোচন করে সত্য তুলে ধরার জন্য আল জাজিরা ও পুরো টিম প্রশংসার দাবিদার। আন্তর্জাতিক বেশ কিছু গণমাধ্যমেও আলাদা করে এই কাজের আলোচনা উঠে এসেছে।
আগামী ২৩ নভেম্বর নিউ ইয়র্কে আয়োজিত জমকালো আসরে বিশ্বের ২২টি দেশের সেরা নির্মাণের মুখোমুখি হবে এই প্রামাণ্যচিত্র। আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসে এই উপস্থিতি কেবল একটি চলচ্চিত্রের সাফল্য নয়, বরং বিশ্বমঞ্চে রক্তে লেখা এক গণঅভ্যুত্থানের ঐতিহাসিক স্বীকৃতি।
এসএইচ