ভালোবাসা শুধু শারীরিক বিষয় নয়, বিচ্ছেদের পর নৃত্যশিল্পী স্বপ্না

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৮:৫৯ পিএম
ভালোবাসা শুধু শারীরিক বিষয় নয়, বিচ্ছেদের পর নৃত্যশিল্পী স্বপ্না

ফাইল ছবি

স্বামী বীর সাহুর সঙ্গে ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে যাচ্ছেন হরিয়ানভি গানের জনপ্রিয় মডেল ও নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরী। ইতিমধ্যে বিচ্ছেদের জন্য আদালতে আবেদনও করেছেন তিনি। এর আগে সম্প্রতি এক সাক্ষাৎকারে সম্পর্কের ভাঙন, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ এবং সংসারের চাপে নিজের স্বতন্ত্র পরিচয় হারিয়ে ফেলার অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই শিল্পী।

বিচ্ছেদের কারণ প্রসঙ্গে স্বপ্না জানান, তাঁদের সম্পর্ক কেন ভেঙেছে, তা কেবল তিনি ও বীরই জানেন। যত দিন সংসার ঠিকঠাক চলেছে, তাঁরা একসঙ্গে থাকার চেষ্টা করেছেন; কিন্তু একটা সময় পরিস্থিতি আর অনুকূলে না থাকায় আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সাক্ষাৎকারে ভালোবাসা ও সম্পর্ক নিয়েও নিজের ভাবনা তুলে ধরেন স্বপ্না। তাঁর মতে, ভালোবাসা শুধু শারীরিক বিষয় নয়, এটি আত্মার এবং এর সঙ্গে গভীর আবেগ জড়িত। তবে পুরুষেরা তুলনামূলক বাস্তববাদী হলেও নারীরা অনেক সময় আবেগের বশে চলেন।

স্বপ্না জানান, জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশ নেওয়ার পর বীরকে বিয়ে করেছিলেন তিনি, যখন তাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে। বিয়ের পর স্ত্রী, মা ও পুত্রবধূ হিসেবে নিজের সব দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। কিন্তু সংসার ও পেশাগত জীবনের ভারসাম্য রাখতে গিয়ে একসময় নিজের দিকে মনোযোগ দেওয়া পুরোপুরি বন্ধ করে দেন।

স্বপ্নার ভাষায়, পরিবারের দায়িত্ব সামলাতে গিয়ে ধীরে ধীরে নিজের স্বতন্ত্র পরিচয় ও পেশাগত আকাঙ্ক্ষার কথা ভুলে গিয়েছিলেন তিনি। বিয়ের পর নিজের স্বপ্ন ও চাওয়াকে আগের মতো গুরুত্ব দিতে পারেননি। দেরিতে হলেও বিষয়টি উপলব্ধি করার পর নিজের জীবন ও পরিচয় নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন এই নৃত্যশিল্পী।

উল্লেখ্য, ২০২০ সালে হরিয়ানভি গানের শিল্পী ও অভিনেতা বীর সাহুকে বিয়ে করেন স্বপ্না। শুরুতে তাঁদের বিয়ের খবর গোপন রাখা হয়েছিল; প্রথম সন্তানের জন্মের পর বিষয়টি প্রকাশ্যে আসে। এই দম্পতির সংসারে দুই সন্তান রয়েছে। হরিয়ানভি মিউজিক ভিডিও ও নাচের অনুষ্ঠানে পারফর্ম করে পরিচিতি পাওয়া স্বপ্না ‘বিগ বস’-এর ১১তম মৌসুমে অংশ নিয়ে দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

এসএইচ 

Link copied!