ছবি : সংগৃহীত
ঢাকা: মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৬ জনে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৮৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুইজন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে একজন, খুলনায় একজন এবং রাজশাহী বিভাগের একজন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জন মারা যান।
অক্টোবরের প্রথম ২৪ দিনে ডেঙ্গুতে মারা গেছেন ১৩১ জন। সব মিলিয়ে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩৭৬ জনের মৃত্যু হয়েছে। আর ডেঙ্গুতে চলতি বছর এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ২১ হাজার ৬৯৯ জন।
গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তাদের মধ্যে বরিশাল বিভাগে ২৫২ জন, চট্টগ্রাম বিভাগে ২৩২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৮১ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৫৯ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩৪১ জন, খুলনা বিভাগে ৩৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭৫ জন, রাজশাহী বিভাগে ১৪১ জন, রংপুর বিভাগে ৫১ জন এবং সিলেট বিভাগে ৭ জন।
পিএস