হাম উপসর্গে একদিনে ঝরে গেল ৯ শিশুর প্রাণ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০৩:৫৮ পিএম
হাম উপসর্গে একদিনে ঝরে গেল ৯ শিশুর প্রাণ

ফাইল ছবি

ঢাকা: হাম উপসর্গে দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২। 

রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাম উপসর্গে মৃত্যুদের মধ্যে ঢাকা বিভাগে চার, চট্টগ্রামে তিন এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে শিশু মারা গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৬ শিশুর। একই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৬২ শিশু। 

নতুন শনাক্ত নিশ্চিত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩, সিলেটে ১৮ এবং চট্টগ্রামে ১৫ শিশু রয়েছে। অন্যদিকে সন্দেহজনক রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫০৩, চট্টগ্রামে ২২৮, সিলেটে ১৫৮, বরিশালে ১০০, ময়মনসিংহে ৫৩, খুলনায় ৪৯, রংপুরে ৩৬ এবং রাজশাহীতে ৩৫ শিশু রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৮৬। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২৬ হাজার ১৩৬ শিশু।

এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৯ হাজার ৫৩০ শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ২০ হাজার ৭০৫ শিশু।

পিএস

Link copied!