পাকিস্তানের ৫৫ সেনাকে হত্যা, অনেককে ধরে নিয়ে গেছে আফগানবাহিনী

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১১:১৮ এএম
পাকিস্তানের ৫৫ সেনাকে হত্যা, অনেককে ধরে নিয়ে গেছে আফগানবাহিনী

পাক-আফগান সীমান্তের ডুরান্ড লাইনে পাকিস্তানের সেনাচৌকিতে হামলার পর ৫৫ সেনাকে হত্যা ও কয়েকজনকে জীবিত আটকের দাবি করেছে আফগানিস্তান। পাশাপাশি, পাকিস্তানের কয়েকশ অস্ত্র জব্দ করার কথাও জানিয়েছে তালেবান সরকার।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের সীমান্ত চৌকিগুলোর বিরুদ্ধে পরিচালিত পাল্টা সামরিক অভিযান রাত ১২টার দিকে সমাপ্ত হয়। সেনাপ্রধান ফাসিহউদ্দিন ফিতরাতের নির্দেশে অভিযান শেষ করা হয়।

বিবৃতিতে দাবি করা হয়, অভিযানে পাকিস্তানের ৫৫ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া আফগান বাহিনী কয়েকজনের মরদেহ ও কয়েকশ হালকা ও ভারী অস্ত্র জব্দ করেছে এবং কয়েকজন সেনাকে জীবিত আটক করেছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, অভিযানের সময় পাকিস্তান বাহিনীর দুটি সদরদপ্তর ও ১৯টি চেকপোস্ট দখল করা হয়েছে।

অন্যদিকে, সংঘর্ষে আটজন আফগান সেনা নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, তোরখাম এলাকায় প্রত্যাবাসনপ্রত্যাশীদের একটি অস্থায়ী শিবিরে পাকিস্তান বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ ১৩ জন আহত হয়েছেন।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, আফগান ভূখণ্ডে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার জবাব হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে।

অন্যদিকে, চলমান সংঘর্ষে আফগান তালেবানের ৭২ যোদ্ধাকে হত্যার দাবি করেছে পাকিস্তান। অভিযানে পাকিস্তানের দুই নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন বলেও জানিয়েছে ইসলামাবাদ।

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বলা হয়েছে, পাকিস্তান বিমানবাহিনী আফগানিস্তানের নানগারহার প্রদেশে একটি গোলাবারুদ গুদাম ধ্বংস করেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি কাবুলে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈদেশিক গণমাধ্যমবিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি বলেন, আফগান দিক থেকে হামলার জবাবে পাল্টা আঘাতের অনুমোদন দেওয়া হয়েছে এবং একাধিক দফায় তা কার্যকর করা হয়েছে।

তার দাবি, ‘মোট ৭২ জন আফগান তালেবান যোদ্ধা নিহত এবং ১২০ জনের বেশি আহত হয়েছে। ১৬টি পোস্ট ধ্বংস এবং সাতটি পোস্ট দখল করা হয়েছে।’সূত্র: টোলো নিউজ, ডন

এম

Link copied!