স্বর্ণের দামে বড় পতন

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৩:৫১ পিএম
স্বর্ণের দামে বড় পতন

ছবি : সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েনের খবরে ডলার শক্তিশালী হওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার স্পট মার্কেটে স্বর্ণের দাম ১.৮ শতাংশ কমে প্রতি আউন্সে নেমে আসে ৪ হাজার ৫৬৩.৬৪ ডলারে। যদিও দিনের শুরুতে এটি ঊর্ধ্বমুখী ছিল। একই সময়ে, এপ্রিল ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচার্সও ০.৭ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৫৭৪.৯০ ডলারে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে হাজার হাজার অতিরিক্ত মেরিন ও নৌসেনা সদস্য পাঠাচ্ছে। এ খবরে বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা বাড়ে এবং ডলার ও মার্কিন ট্রেজারি বন্ডের দর বৃদ্ধি পায়। শক্তিশালী ডলারের কারণে স্বর্ণ, যা ডলারে মূল্যায়িত হয়, অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের কাছে তুলনামূলকভাবে কম আকর্ষণীয় হয়ে পড়ে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। গত ২৮ ফেব্রুয়ারির যৌথ হামলার পর থেকে এই সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ে এবং বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলছে। বিশেষ করে, হরমুজ প্রণালীতে ইরানের সম্ভাব্য অবরোধ জ্বালানির দাম বাড়িয়ে দিতে পারে, যা মুদ্রাস্ফীতি বাড়ানোর ঝুঁকি তৈরি করছে।

এদিন অন্য মূল্যবান ধাতুগুলোর পতন লক্ষ্য করা গেছে। স্পট মার্কেটে সিলভার ৪.৮ শতাংশ কমে ৬৯.৩৯ ডলারে নেমেছে। প্লাটিনাম ০.৯ শতাংশ এবং প্যালাডিয়াম ১.৬ শতাংশ কমেছে। বিশ্লেষকদের মতে, এই তিনটি ধাতুই সাপ্তাহিক ভিত্তিতে নিম্নমুখী প্রবণতায় রয়েছে।

পিএস

Link copied!