হজযাত্রীদের ওষুধ বহনে সৌদির নতুন নিয়ম

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৪:১১ পিএম
হজযাত্রীদের ওষুধ বহনে সৌদির নতুন নিয়ম

ফাইল ছবি

ঢাকা: হজযাত্রীদের মধ্যে যারা নিয়মিত বিশেষ ধরনের ওষুধ (নারকোটিক বা সাইকোট্রপিক উপাদানযুক্ত) সেবন করেন, তাদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (এসএফডিএ)।

প্রতিবেদনে বলা হয়, বিশেষ ক্যাটাগরির ওষুধ সঙ্গে নিতে হলে হজযাত্রীদের আগে থেকেই অনুমতিপত্র সংগ্রহ করতে হবে এবং নির্ধারিত কিছু নথি জমা দিতে হবে। এ ক্ষেত্রে হজযাত্রীদের সৌদি কর্তৃপক্ষের ইলেকট্রনিক কন্ট্রোলড ড্রাগস সিস্টেমে (সিডিএস) ব্যক্তিগত ট্রাভেলার অ্যাকাউন্ট খুলে প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদন করতে হবে। 

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথির মধ্যে রয়েছে পাসপোর্টের কপি, গত ছয় মাসের মধ্যে ইস্যু করা বৈধ মেডিকেল প্রেসক্রিপশন বা রিপোর্ট এবং ওষুধের মোড়কসহ পরিষ্কার ছবি। এসব নথি অনলাইনে জমা দিয়ে আগেভাগেই ছাড়পত্র নিতে হবে।

এসএফডিএ আরও জানিয়েছে, হজযাত্রীরা তাদের মোট অবস্থানের সময়কাল পর্যন্ত ওষুধ সঙ্গে রাখতে পারবেন, তবে তা সর্বোচ্চ ৩০ দিনের বেশি হবে না। অর্থাৎ কোনো হজযাত্রীর অবস্থানের মেয়াদ যদি ১৫ দিন হয়, তবে তিনি শুধু ১৫ দিনের প্রয়োজনীয় ওষুধই সঙ্গে নিতে পারবেন।

সৌদি কর্তৃপক্ষের মতে, হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষা এবং পবিত্র স্থানগুলোতে নিয়ন্ত্রিত ওষুধের ব্যবহার তদারকি করাও এই নতুন নিয়মের অন্যতম উদ্দেশ্য। 

এসআই

Link copied!