এনবিসি নিউজ

ইউক্রেনে শান্তি রক্ষায় বাংলাদেশ-সৌদি সেনাদের পাঠানো হতে পারে

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ১০:৩৮ এএম
ইউক্রেনে শান্তি রক্ষায় বাংলাদেশ-সৌদি সেনাদের পাঠানো হতে পারে

ঢাকা : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে কোনো শান্তিচুক্তি হলে যুক্তরাষ্ট্র একটি বাফার জোন বা নিরাপত্তা অঞ্চল পর্যবেক্ষণে নেতৃত্ব দিতে পারে। ইউক্রেনকে ভবিষ্যতে রাশিয়ার আক্রমণ থেকে রক্ষা করার উদ্দেশ্যে বাফার জোন গড়ে তোলা হবে। ওই নিরাপত্তা অঞ্চল রক্ষায় সৌদি আরব কিংবা বাংলাদেশের মতো এক বা একাধিক ন্যাটো-বহির্ভূত দেশের সেনারা অংশ নিতে পারেন।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এনবিসি নিউজ জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ক্রমশ হতাশ হয়ে পড়ছেন, কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ হওয়ার কোনো সম্ভাবনা তিনি দেখতে পাচ্ছেন না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরাসরি বৈঠকের সম্ভাবনাও খুব একটা নেই বলে মনে করছেন তিনি।

গত মাসে আলাস্কায় ট্রাম্পের সঙ্গে পুতিনের বহুল আলোচিত এক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হলেও যুদ্ধ শেষ করতে রাশিয়ার শর্তগুলো শিথিল করার মতো পরিস্থিতি দেখা যায়নি। এখন পর্যন্ত এমন বৈঠকের জন্যও মস্কোর পক্ষ থেকে কোনো ইতিবাচক ইঙ্গিত পাওয়া যায়নি।

রয়টার্স জানিয়েছে, তারা স্বাধীনভাবে এনবিসির এই খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি। আর হোয়াইট হাউসও রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

পিএস

Link copied!