মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বাণিজ্যিক নৌপথে অচলাবস্থা

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৮:০৪ পিএম
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বাণিজ্যিক নৌপথে অচলাবস্থা

ছবি: সংগৃহীত

পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নাটকীয়ভাবে কমে গেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিক জানিয়েছে, শনিবার ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় ধরনের হামলার পর থেকে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচল প্রায় ৭০ শতাংশ হ্রাস পেয়েছে।

গত তিন দিনে জাহাজগুলোর চলাচলের ধরনে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে। প্ল্যাটফর্মটির তথ্য অনুযায়ী, অনেক জাহাজ মাঝপথ থেকে ফিরে যেতে বাধ্য হয়েছে, কেউ কেউ গতি কমিয়ে দিয়েছে, আবার কিছু জাহাজকে দীর্ঘ সময় স্থির অবস্থায় থাকতে দেখা গেছে।

এ ছাড়া বহু জাহাজ শেষ মুহূর্তে তাদের নির্ধারিত পথ পরিবর্তন করে বিকল্প পথে চলে গেছে। এতে করে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ব্যস্ত নৌপথে কার্যত অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি ও পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। এই পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল করে। চলাচল কমে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এসএইচ 
 

Link copied!