ইসরায়েলের সঙ্গে সম্পর্ক

ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান পাকিস্তানের

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০১:৪২ পিএম
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান পাকিস্তানের

ছবি : সংগৃহীত

ঢাকা: ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে গঠিত 'আব্রাহাম অ্যাকর্ডস'-এ পাকিস্তানের যোগ দেওয়ার সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইসলামের এই আদর্শিক চুক্তিতে ইসলামাবাদের শামিল হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভারতীয় সংবাদসংস্থা এএনআই এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

পাকিস্তানের 'সামা টিভি'-কে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে আমাদের এমন কোনো চুক্তিতে যোগ দেওয়া উচিত, যা আমাদের মৌলিক মতাদর্শ বা বিশ্বাসের সাথে সাংঘর্ষিক।

নিজের দেশের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট যে, এটি (ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করা) আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধ অবসানের চুক্তির অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য ও এশিয়ার মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার তাগিদ দিচ্ছেন।

সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার, পাকিস্তান, তুরস্ক, মিসর এবং জর্ডানের নেতাদের এই আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করার আহ্বান জানিয়েছেন।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, আমি বাধ্যতামূলকভাবে অনুরোধ করছি যেন সব দেশ অবিলম্বে আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি মনে করি, ইরান যদি আমার সাথে এই চুক্তিতে সই করে, তবে তাদেরও এই নজিরবিহীন বিশ্ব জোটের অংশ করাটা হবে অত্যন্ত সম্মানের।

ট্রাম্প আরও দাবি করেন, এর মাধ্যমে মধ্যপ্রাচ্য এমনভাবে ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে, যা বিশ্বের আর কোনো অঞ্চলে দেখা যায়নি।

তবে ট্রাম্পের এই ব্যাপক কূটনৈতিক চাপের মুখেও পাকিস্তান নিজেদের নীতিগত অবস্থানে অনড় থেকে এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করল।

এসআই

Link copied!