সাগরে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৬, ০৫:৫৪ পিএম
সাগরে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলের বন্দরনগরী ওনসান থেকে সাগরের দিকে আবারও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। শনিবার সকালে ছোড়া ক্ষেপণাস্ত্রটি সাগরে পতিত হওয়ার আগে ৭০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানায়, পরিস্থিতি পর্যালোচনায় দেশটির প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা দপ্তর জরুরি বৈঠক ডেকেছে। সম্ভাব্য অতিরিক্ত উৎক্ষেপণ মোকাবিলায় সামরিক বাহিনীকে সার্বক্ষণিক সতর্ক অবস্থায় রাখা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি বিশ্লেষণ ও তথ্যের জন্য সিউল যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে ঘনিষ্ঠ পর্যবেক্ষণ বজায় রাখছে।

এই উৎক্ষেপণের পরপরই জাপানের পক্ষ থেকে জরুরি সতর্কতা জারি করা হয়। অন্যদিকে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সামরিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তাদের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, ঘটনাটি যুক্তরাষ্ট্রের সীমানা কিংবা এর মিত্রদের জন্য তাৎক্ষণিক কোনো হুমকির সৃষ্টি করেনি।

সম্প্রতি দুই দেশের সীমান্তে উত্তর কোরিয়ার পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা সদস্য গুরুতর আহত হন। ওই ঘটনার জন্য সিউল ক্ষমা চাওয়ার আহ্বান জানালেও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং সেই দাবিকে হাস্যকর বলে উড়িয়ে দেন। পাশাপাশি তিনি দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক চিরতরে ছিন্ন করার পরিকল্পনার কথাও জানান।

সম্প্রতি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, সরাসরি গোলাবারুদের মহড়া এবং নতুন যুদ্ধজাহাজ উন্মোচনের পর এই নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পিয়ংইয়ং। বিশ্লেষকরা মনে করছেন, ধারাবাহিক এই সামরিক তৎপরতার অংশ হিসেবেই এই পদক্ষেপ নিয়েছে দেশটি।

এসএইচ 
 

Link copied!