প্রধানমন্ত্রীর বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৬, ০৮:৩১ পিএম
প্রধানমন্ত্রীর বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে শুধু ঘোষণায় সীমাবদ্ধ না থেকে নিজে তা বাস্তবায়ন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গুলশানে নিজের বাসভবনের ছাদে সৌর প্যানেলে উৎপাদিত বিদ্যুৎ থেকে ১ হাজার ইউনিট নিজে ব্যবহার করে এবং জাতীয় গ্রিডে ১ হাজার ২০০ ইউনিট সরবরাহ করেছেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ডিডি (এলজি)-দের অংশগ্রহণে আয়োজিত ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা’য় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, গত তিন দিনে এই পরিমাণ সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী। সমবায় ভবনসহ দেশের সব জাতীয় ভবনের ছাদ ব্যবহার করে নিজস্ব চাহিদা পূরণের পাশাপাশি সরকারের কাছেও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হবে এবং এই বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াকে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে দেখার ওপর জোর দেন তিনি। সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রোধে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সর্বাত্মক সতর্ক থাকার নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বশক্তি প্রয়োগের জন্য ইউএনওদের প্রতি কঠোর নির্দেশ দেন তিনি।

এ ছাড়া এলাকার দরিদ্র মানুষের তাৎক্ষণিক সহায়তার জন্য প্রতিটি ইউএনওর একটি ঐচ্ছিক ফান্ড থাকা জরুরি বলে মন্তব্য করেন মীর শাহে আলম। জনপ্রশাসন মন্ত্রণালয় এই অর্থের ব্যবস্থা করতে না পারলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের রাজস্ব আয় থেকে তা বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন তিনি। মাঠপর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন কার্ড ও খাল খননসহ সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো সরাসরি ইউএনওদের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি সরকার জনগণের সরকার এবং নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। স্বৈরাচারী আমলের মতো কাউকে ডামি নির্বাচন বা রাতের ভোট করার নির্দেশ এই সরকার দেবে না। মিরপুরের অনভিপ্রেত ঘটনার উদাহরণ দিয়ে তিনি জানান, রাজনৈতিক শৃঙ্খলার স্বার্থে ইতোমধ্যে উত্তর কমিটি বাতিল ও সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে; কারণ ব্যক্তির অপরাধের দায় সরকার নেবে না। পাশাপাশি নদী ও পুকুরের পানি পরিশোধনের মাধ্যমে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এসএইচ 

Link copied!