ছবি: সংগৃহীত
মেজর (অব.) আখতারুজ্জামান জামায়াতে ইসলামীর কোনো নেতা নন, তিনি দলটির মাত্র একজন প্রাথমিক বা সহযোগী সদস্য বলে দাবি করেছেন জামায়াতের নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই তাকে জামায়াতের নেতা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বরে জামায়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় রংপুর বিভাগের জামায়াতের ১৪ জন সংসদ সদস্যসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
জামায়াতে সদস্য হওয়ার প্রক্রিয়া ব্যাখ্যা করে এটিএম আজহারুল ইসলাম বলেন, প্রাথমিক সদস্য হওয়ার পর কর্মী, এরপর সদস্য এবং পরবর্তীতে ধাপে ধাপে নেতা হওয়ার সুযোগ রয়েছে। সেই হিসেবে আখতারুজ্জামান কেবল একজন 'সিম্পল' সদস্য মাত্র।
তিনি অভিযোগ করেন, জামায়াতের প্রকৃত নেতাদের বক্তব্য গণমাধ্যমে প্রচার করা না হলেও জনগণকে বিভ্রান্ত করতে ইচ্ছাকৃতভাবে এ ধরনের তথ্য সামনে আনা হয়।
বিমানবন্দরে প্রতিবাদের জেরে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে জামায়াত নেতা বলেন, ঘটনার যথাযথ তদন্তের আগেই মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সমস্যা সমাধানের পরিবর্তে সরকার বর্তমান সময়েও আওয়ামী লীগের পথেই হাঁটছে এবং আইনের অপব্যবহার করে বিরোধী দলকে দমনের চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এ ধরনের দমনমূলক পদক্ষেপ সরকারের জন্য সুখকর হবে না বলেও হুঁশিয়ারি দেন এই জামায়াত নেতা।
এসএইচ