ফাইল ছবি
কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫–এর জন্য মনোনীত হলেও নির্ধারিত দিনে পুরস্কার না দেওয়ায় সমালোচনার ঝড় ওঠার পর নতুন সিদ্ধান্ত এসেছে। সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২ মার্চ বেলা ১১টায় বাংলা একাডেমিতে মোহন রায়হানের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
গত বৃহস্পতিবার অন্য ৯ জনকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেওয়া হলেও মোহন রায়হানকে দেওয়া হয়নি। নতুন সরকারের সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী তখন জানিয়েছিলেন, কবির বিরুদ্ধে কিছু অভিযোগ আছে। এসব খতিয়ে দেখে পরবর্তীতে পুরস্কার ঘোষণা করা হবে।
এরপর সমালোচনার মুখে শনিবার সংস্কৃতি মন্ত্রণালয় একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মোহন রায়হানকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৭ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে এক জরুরি সভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত থেকে অভিযোগগুলো পর্যালোচনা করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতিক্রমে মোহন রায়হানকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
কবি মোহন রায়হান প্রথম আলোর সঙ্গে বলেন, ‘পুরস্কার নেব কি নেব না, জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভার পর সেটি জানাব।’ তিনি বর্তমানে জাতীয় কবিতা পরিষদের সভাপতি। আজ বিকেলে কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হবে।
এসএইচ
আপনার মতামত লিখুন :