প্রবাসীদের ৩ লাখ ৭৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট পৌঁছেছে দেশে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১১:৩৭ এএম
প্রবাসীদের ৩ লাখ ৭৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট পৌঁছেছে দেশে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রবাসী ভোটারদের পাঠানো ৩ লাখ ৭৯ হাজার ৯২৪টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে। নির্বাচন কমিশনের উদ্যোগে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসীদের এই ব্যালটগুলো দেশে ফেরত এসেছে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৮ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৮০ হাজার ৪১৬ জন ইতোমধ্যে ভোট প্রদান সম্পন্ন করেছেন।

এ ছাড়া ৪ লাখ ৪৪ হাজার ৯৫২ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন। এর মধ্য থেকে এখন পর্যন্ত ১ লাখ ৭ হাজার ১৬৮টি ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে।

প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত (আইসিপিভি) ভোটারদের জন্যও পোস্টাল ব্যালট পাঠানোর কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। এ পর্যন্ত দেশের ভেতরে নিবন্ধিত ৬ লাখ ৬২ হাজার ১৯১ জন ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।

ইসির হালনাগাদ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরে ২ লাখ ৬০ হাজার ৪৪৭ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ২ লাখ ১১ হাজার ১২২ জন ভোট দিয়েছেন এবং ১ লাখ ৬৮ হাজার ৫১৯ জন ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত ২৭ হাজার ৩৬৭টি ব্যালট বুঝে পেয়েছেন।

সালীম আহমাদ খান আরও জানান, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।

এম

Link copied!