ফ্যামিলি কার্ড বিতরণ ১০ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০২:৫০ পিএম
ফ্যামিলি কার্ড বিতরণ ১০ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ ফেব্রুয়ারি ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা পাবেন ফ্যামিলি কার্ডধারীরা। 

তিনি জানান, কোনো রাজনৈতিক পরিচয়ে নয়, সম্পূর্ণ নিরপেক্ষভাবে সুবিধাভোগী নির্বাচন করা হবে। ১৩টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে শুরু হবে। এর ৪ মাস পর পর্যায়ক্রমে সারাদেশে তিন শ্রেণির হতদরিদ্ররা ফ্যামিলি কার্ড পাবেন।

প্রসঙ্গত, আসন্ন ঈদের আগেই সারাদেশে প্রায় ১০ হাজার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার মাধ্যমে কর্মসূচিটির পরীক্ষামূলক কার্যক্রম শুরুর পরিকল্পনা নিয়েছে সরকার।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শেষ চার মাসে (মার্চ-জুন) এই কর্মসূচি পরিচালনায় সরকারের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে আট থেকে ১০ কোটি টাকা।

দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে সামাজিক সুরক্ষার আওতায় আনতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

রোববার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড প্রদান-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রথম বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হয়।

বৈঠক সূত্র জানায়, প্রাথমিকভাবে আট বিভাগের আটটি উপজেলায় পাইলট কর্মসূচি চালুর পরিকল্পনা থাকলেও আরও দুটি উপজেলা যুক্ত করার প্রস্তাব এসেছে। সম্ভাব্য উপজেলাগুলোর মধ্যে বগুড়ার গাবতলী ও দিনাজপুরের নবাবগঞ্জের নাম আলোচনায় রয়েছে।

প্রতি উপজেলায় এক হাজার করে প্রায় ১০ হাজার উপকারভোগী পরিবারকে অন্তর্ভুক্ত করে কর্মসূচি শুরু করার প্রস্তাব করা হয়েছে। উপকারভোগী পরিবারগুলোকে প্রতি মাসে নগদ দুই হাজার থেকে আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

পিএস

Link copied!