ডিসি সম্মেলন অনুষ্ঠিত হবে ৩ থেকে ৬ মে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৭:১১ পিএম
ডিসি সম্মেলন অনুষ্ঠিত হবে ৩ থেকে ৬ মে

ফাইল ছবি

আগামী ৩ থেকে ৬ মে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ৩ মে সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলন উদ্বোধন করবেন। মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো সারসংক্ষেপ গত ৫ মার্চ অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী।

সরকারি সারসংক্ষেপে বলা হয়েছে, প্রতি বছর জেলাপ্রশাসক সম্মেলন আয়োজনের মাধ্যমে জেলা প্রশাসক ও কমিশনাররা সরকারের নীতি-নির্ধারণী বিষয়, উন্নয়ন কর্মসূচি ও অগ্রাধিকার সম্পর্কিত নির্দেশনা গ্রহণ করেন। পাশাপাশি মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকালে যে প্রতিবন্ধকতার মুখোমুখি হন, সে বিষয়গুলোও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব, সিনিয়র সচিব এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা হয়।

জেলাপ্রশাসক সম্মেলন ২০২৬-এ জেলা প্রশাসকগণ ইতোমধ্যে মাঠ প্রশাসন সংক্রান্ত প্রস্তাব জমা দিয়েছেন। সম্মেলনে জেলার উন্নয়ন কার্যক্রম সমন্বয়, সরকারি কর্মসূচি বাস্তবায়ন, ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, গ্রামীণ অবকাঠামো নির্মাণ, দারিদ্র্য বিমোচন, কৃষি উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রভৃতি বিষয় আলোচনা করা হবে।

মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন অধিবেশনে জেলা প্রশাসক ও কমিশনারদের দিকনির্দেশনা দেবেন। প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের মাননীয় স্পীকারও সম্মেলনের চলাকালে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন।

প্রধানমন্ত্রীর অনুমোদিত কর্মসূচি অনুযায়ী, সম্মেলনের প্রতিটি অধিবেশন বিচ্ছিন্ন মন্ত্রণালয় বা বিভাগ সম্পর্কিত বিষয়ে হবে। যাতায়াত সুবিধার কারণে প্রধান অধিবেশন ও উদ্বোধনী অনুষ্ঠান ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ জেলা প্রশাসক সম্মেলনের পূর্ব প্রস্তুতি নিতে সকল সচিব ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের একান্ত সচিবদের মাধ্যমে নির্দেশনা দিয়েছে।

এসএইচ 
 

Link copied!