স্বর্ণের দামে ফের বড় পতন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৭:০৭ পিএম
স্বর্ণের দামে ফের বড় পতন

ফাইল ছবি

বিশ্ববাজারে স্বর্ণের দামে কিছুটা পতন দেখা গেছে। তেলের দাম বৃদ্ধি ও বৈশ্বিক মুদ্রানীতির সম্ভাব্য পরিবর্তন ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এই দরপতন হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৪ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্সে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৮৩ দশমিক ১৭ ডলারে। একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্সে ৪ হাজার ৯৮৭ দশমিক ৩০ ডলারে নেমেছে।

বাজার বিশ্লেষকেরা বলছেন, সাম্প্রতিক সময়ে তেলের দাম বাড়ায় বৈশ্বিক মুদ্রাস্ফীতি আরও বাড়তে পারে—এমন আশঙ্কা তৈরি হয়েছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভসহ বড় বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো আরও কঠোর মুদ্রানীতি গ্রহণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ পরিস্থিতিতে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা কমেছে।

ফরাসি বিনিয়োগ ব্যাংক ন্যাটিক্সিসের বিশ্লেষক বার্নার্ড দাহদাহ বলেন, তেলের দাম বাড়লে সাধারণত মুদ্রাস্ফীতি বাড়ে এবং তার প্রভাব পড়ে ফেডারেল রিজার্ভের নীতিতে। ফেড সুদের হার কমানোর প্রক্রিয়া থামিয়ে নীতি পরিবর্তনের দিকে যেতে পারে, যা স্বর্ণের দামের ওপর নিম্নমুখী চাপ সৃষ্টি করে।

এদিকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অব ইংল্যান্ড ও ব্যাংক অব জাপানসহ বেশ কয়েকটি বড় কেন্দ্রীয় ব্যাংক চলতি সপ্তাহে বৈঠকে বসছে। এসব বৈঠকে ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বৈশ্বিক মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ভবিষ্যৎ মুদ্রানীতি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এসএইচ 

Link copied!