অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ১০:৫৫ পিএম
অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই

জাতীয় সংসদে সংসদ সদস্যদের জন্য গাড়ি সুবিধা চালুর প্রস্তাব ঘিরে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের এমপি হাসনাত আবদুল্লাহ এ প্রস্তাব উত্থাপন করলে সরকার ও বিরোধী দলের পক্ষ থেকে ভিন্নধর্মী প্রতিক্রিয়া আসে।

মঙ্গলবারের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে আলোচনার এক পর্যায়ে হাসনাত বলেন, এমপিদের অনেক সময় ভাড়ায় গাড়ি ব্যবহার করতে হয়, যা তাদের জন্য অস্বস্তিকর। তিনি জনগণের কাছে সহজে পৌঁছাতে সংসদ সদস্যদের জন্য যানবাহনের ব্যবস্থা করার আহ্বান জানান।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্মরণ করিয়ে দেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদীয় দলের বৈঠকে নির্দেশনা দিয়েছেন—জনপ্রত্যাশার বাইরে কোনো অতিরিক্ত সুবিধা নেওয়া যাবে না এবং শুল্কমুক্ত গাড়ি গ্রহণ থেকেও বিরত থাকতে হবে। তবে তিনি বিষয়টি সম্পূর্ণভাবে নাকচ না করে বলেন, প্রয়োজন হলে এ নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা করে একটি গ্রহণযোগ্য সমাধান বের করা যেতে পারে।

এ সময় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেন, “ছোটদের কখনো ‘না’ বলতে নেই,”—যা অধিবেশনে উপস্থিত সদস্যদের মধ্যে হাস্যরসের সৃষ্টি করে। তিনি ইঙ্গিত দেন, প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান না করে আরও বিবেচনার সুযোগ রাখা উচিত ছিল।

এর আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, সংসদ সদস্যদের জন্য উপজেলা পর্যায়ে ‘পরিদর্শন কক্ষ’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কক্ষে আধুনিক সুযোগ-সুবিধা থাকবে, যাতে এমপিরা স্থানীয় পর্যায়ে দাপ্তরিক কাজ পরিচালনা ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন।

সরকারের এই সিদ্ধান্তকে সংসদের উভয় পক্ষই স্বাগত জানায়। তবে গাড়ি সুবিধা নিয়ে আলোচনা এখনো খোলা রয়েছে, এবং এ বিষয়ে ভবিষ্যতে নীতিগত সিদ্ধান্ত আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা।

এম

Link copied!