ধান-চাল কিনবে সরকার, দাম নির্ধারণ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৩:০৫ পিএম
ধান-চাল কিনবে সরকার, দাম নির্ধারণ

ছবি : সংগৃহীত

ঢাকা: চলতি বছর কৃষকদের কাছ থেকে ৫ লাখ মেট্রিক টন বোরো ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিকেজি ধান ৩৬ টাকায়। এ ছাড়া সিদ্ধ চাল ৪৯ টাকা, আতপ চাল ৪৮ টাকা ও গম ৪০ টাকা দরে সংগ্রহ করবে সরকার।

বুধবার (২২ এপ্রিল) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এবার এফপিএমসি সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সভাপতিত্ব করেন। সভা পরবর্তী সংবাদ সম্মেলনও হয় তথ্য অধিদফতরের সভা কক্ষে। এ সময় খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত বোরো ধান ও গম সংগ্রহ করা হবে। ১৫ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত চাল সংগ্রহ।’

তিনি বলেন, ‘দেশে এখন পর্যাপ্ত সরকারি গুদামে ১৭-১৮ লাখ টন চাল মজুত আছে।’

তিনি আরও বলেন, ‘এছাড়া বোরো মৌসুমে ৫ লাখ টন ধান, ১২ লাখ টন সিদ্ধ চাল, ১ লাখ টন আতব চাল কেনা হবে। পাশাপাশি এবার ৫০ হাজার টন গম কেনা হবে।’

পিএস

Link copied!