পে-স্কেল আজ মন্ত্রিসভায়, ঘোষণা আসতে পারে যখন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬, ০১:৩৯ পিএম
পে-স্কেল আজ মন্ত্রিসভায়, ঘোষণা আসতে পারে যখন

ফাইল ছবি

সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সোমবার (১৭ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই নতুন বেতন কাঠামোর সুপারিশটি আলোচনার জন্য উঠতে পারে।

খসড়া প্রস্তাবনা অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে নবম পে-স্কেলের আংশিক বাস্তবায়ন কার্যকর ধরা হবে এবং ধাপে ধাপে ২০২৮ সালের জানুয়ারির মধ্যে তা পুরোপুরি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রিসভায় এটি অনুমোদন পেলেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। ইতিমধ্যেই অর্থ বিভাগ এ সংক্রান্ত খসড়া সচিব কমিটির মাধ্যমে চূড়ান্ত করে প্রধানমন্ত্রীকে অবহিত করেছে। সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রেস উইং আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন জানান, নতুন এই পে-স্কেল বাস্তবায়নের বিষয়টি একেবারে শেষ ধাপে রয়েছে।

এর আগে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারও ইঙ্গিত দেন যে, সরকার তাদের প্রতিশ্রুতি অনুযায়ী যেকোনো মুহূর্তে এটি ঘোষণা করতে পারে।

উল্লেখ্য, অষ্টম বেতন কমিশনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২৩ সদস্য বিশিষ্ট নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন এই কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তাদের প্রতিবেদন দাখিল করে।

এরপর গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে প্রধান করে গঠিত ১০ সদস্যের কমিটি পে-স্কেলের চূড়ান্ত রূপরেখা তৈরি করে। বিদ্যমান ২০টি গ্রেড অপরিবর্তিত রেখেই কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে এতে।

এসএইচ 

Link copied!