ফাইল ছবি
ঢাকা: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে টানা সাত দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা। দুর্গাপূজার পাঁচ দিনের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ১৮ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত স্কুল, কলেজ ও সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর রোববার থেকে ২২ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা টানা সাত দিনের ছুটি পাবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকাতেও ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি রাখা হয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় প্রাথমিকের শিক্ষার্থীরাও ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাবে।
দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্যও ছুটির সুযোগ রয়েছে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।
এর আগে ১৮ অক্টোবর মহাসপ্তমী ও ১৯ অক্টোবর মহাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। এই দুই দিনের ঐচ্ছিক ছুটির সঙ্গে ২০ ও ২১ অক্টোবরের সরকারি ছুটি যুক্ত হলে তারা টানা চার দিনের ছুটি পাবেন।
এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবার ঐচ্ছিক ছুটি নিলে ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটিও এর সঙ্গে যুক্ত হবে। এতে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা সাত দিনের ছুটির সুযোগ তৈরি হবে।
তবে এই সুবিধা সব সরকারি চাকরিজীবীর জন্য প্রযোজ্য নয়। ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ শুধু সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য। অন্য সরকারি চাকরিজীবীরা দুর্গাপূজা উপলক্ষে নির্ধারিত সরকারি ছুটিই পাবেন।
দুর্গাপূজার সরকারি ছুটির দিনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও সাধারণত বন্ধ থাকে। তবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কিছু শাখা বা নির্দিষ্ট ব্যাংকিং সেবা চালু থাকতে পারে। এটিএম, কার্ড ও অনলাইন ব্যাংকিংয়ের মতো ডিজিটাল সেবাও চালু থাকে।
হাসপাতাল, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহসহ জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার কর্মীদের ছুটির দিনেও দায়িত্ব পালন করতে হতে পারে। জনসেবা সচল রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রয়োজন অনুযায়ী কর্মীদের দায়িত্বে রাখতে পারে।
বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থার ছুটির নিয়ম আলাদা হতে পারে। সরকারি ছুটির পাশাপাশি নিজস্ব ছুটির ক্যালেন্ডার ও সিদ্ধান্ত অনুযায়ী এসব প্রতিষ্ঠান ছুটি নির্ধারণ করতে পারে।
উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত ২০ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করেছে। সংশোধিত প্রজ্ঞাপনে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটির তারিখ পরিবর্তন করা হলেও দুর্গাপূজার ছুটিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
এসআই