ছবি : সংগৃহীত
ঢাকা: সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বাকি ৭ বাংলাদেশি শ্রমিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়।
এ সময় বিমানবন্দর এলাকায় নেমে আসে শোকের আবহ। নিহতদের স্বজনদের আহাজারিতে চারপাশের বাতাস ভারি হয়ে ওঠে।
এর আগে, এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে (বিজি-৩৩৬) সকাল ৮টার কিছু পরে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদের মানফুহা এলাকার একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, যেখানে ঘটনাস্থলেই ১৬ জন বাংলাদেশি কর্মী প্রাণ হারান।
গত ২৭ আগস্ট প্রথম দফায় ৯ জনের মরদেহ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সনাক্ত করে দেশে আনা হয়েছিল।
বাকি ৭ জনের শরীর আগুনে মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত করা যায়নি। পরবর্তীতে দীর্ঘ প্রক্রিয়া শেষে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়।
গত ১০ অক্টোবর থেকে রিয়াদ থেকে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রয়েছে। এই কারণে বাংলাদেশ দূতাবাসের বিশেষ ব্যবস্থাপনায় মরদেহগুলো প্রথমে সড়কপথে রিয়াদ থেকে জেদ্দায় নেওয়া হয়। এরপর জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইটে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়।
এসআই