ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আইন চায় পুলিশ

  • নিজস্ব প্রতিবেদক  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৩, ০৯:১১ এএম
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আইন চায় পুলিশ

ঢাকা: পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির পাশাপাশি মানি লন্ডারিং মামলার তদন্তের ক্ষমতা চেয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ছাড়া পুলিশের পক্ষ থেকে ধর্মীয় সম্প্রীতি রক্ষার লক্ষ্যে একটি পৃথক আইন পাস করে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনেরও অনুরোধ করেছেন পুলিশের কর্মকর্তারা। পুলিশ সপ্তাহ-২০২৩ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মন্ত্রীদের সঙ্গে বৈঠকে এসব দাবি তোলেন।

গতকাল রোববার রাতে রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে ওই বৈঠক হয়। পুলিশ সপ্তাহের শেষ দিন এ বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ উপস্থিত ছিলেন। পরে পুলিশ কর্মকর্তারা মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সঙ্গেও বৈঠক করেন।

বৈঠকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক ডিএমপিকে মানি লন্ডারিং মামলা তদন্তের এখতিয়ার দেওয়ার দাবি জানান।

সভায় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক গাজী মোজাম্মেল হক বলেন, পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) বর্তমান বাসভবন তার মর্যাদার সঙ্গে যায় না। তিনি পুলিশপ্রধানের জন্য একটি মানসম্পন্ন বাসভবন বরাদ্দের অনুরোধ জানান।

পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (ওঅ্যান্ডএম) ফারুক আহমেদ অপরাধ মোকাবিলায় একটি পৃথক সাইবার পুলিশ ইউনিট গঠনের দাবি জানান। এ ছাড়াও তিনি ১০টি অতিরিক্ত মহাপরিদর্শক পদকে গ্রেড-১ করার কথা বলেন।

বৈঠকে সিআইডির এক কর্মকর্তা জুয়া আইন সংশোধন করে শাস্তি বাড়ানোর দাবি জানান। একটি ডিজিটাল

প্রসিকিউশন সিস্টেম তৈরির দাবি ওঠে পুলিশ কর্মকর্তাদের পক্ষ থেকে। ওই বৈঠকে পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা পুলিশের ব্যয় মেটাতে জাতীয় বাজেটের সঙ্গে মিল রেখে পুলিশের বাজেট বাড়ানোর দাবি জানান।

একটি জেলার পুলিশ সুপার আদালতে দেওয়ানি সাক্ষীর জন্য আর্থিক সহায়তার জন্য অনুরোধ করেন। ওই কর্মকর্তা আরও বলেন, চাকরির মেয়াদ শেষ হওয়ার পরও কিছু পুলিশ কর্মকর্তাকে সাক্ষী হিসেবে আদালতে হাজির হতে হয়। তিনি এসব অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের জন্য আর্থিক সহায়তারও অনুরোধ করেছেন। অপর এক কর্মকর্তা সাক্ষ্য-প্রমাণ সংরক্ষণে আদালত চত্বরে আলাদা ভবন তৈরির দাবি জানান।

বৈঠকে উপস্থিত আইনমন্ত্রীসহ মন্ত্রিসভার অন্য দুই সদস্য পুলিশ কর্মকর্তাদের বক্তব্য শোনেন। পরে তারা বলেন, দাবিগুলো যৌক্তিক এবং এগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন—এমন একাধিক কর্মকর্তা বলেন, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সঙ্গে বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশের কাজ ত্বরান্বিত করতে আলাদা পুলিশ বিভাগ গঠনের অনুরোধ জানান। তারা সব অতিরিক্ত মহাপরিদর্শক পদকে গ্রেড ১-এ করারও দাবি জানান তার কাছে।

জবাবে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, গত তিন জানুয়ারি তিনি এ পদে যোগ দিয়েছেন। ফলে এসব বিষয়ে তার স্পষ্টভাবে জানা নেই। বিষয়গুলো তিনি দেখবেন। 

সোনালীনিউজ/এম

Link copied!