সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কর্মী নিয়োগ এবং কাজের অনুমতিপত্র বা ওয়ার্ক পারমিট পাওয়ার প্রক্রিয়া এখন আরও সহজ ও আধুনিক হচ্ছে। দেশটির মানবসম্পদ ও আমিরাতিয়াকরণ মন্ত্রণালয় আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে সম্পূর্ণ কাগজবিহীন ও ডিজিটাল পদ্ধতিতে ওয়ার্ক পারমিট দেওয়ার নতুন এক উদ্যোগ নিয়েছে।
সরকারি কাজের জটিলতা শূন্যে নামিয়ে আনার ‘জিরো গভর্নমেন্ট ব্যুরোক্রেসি প্রোগ্রাম’-এর আওতায় এই সংস্কার আনা হয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ।
নতুন এই সিদ্ধান্তের ফলে আবেদনকারীদের এখন থেকে কোনো ধরণের সহায়ক নথিপত্র বা সাপোর্টিং ডকুমেন্ট জমা দিতে হবে না। এছাড়া নির্দিষ্ট কিছু পারমিট পাওয়ার ক্ষেত্রে তথ্য দেওয়ার বাধ্যবাধকতা ৭৫ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা হয়েছে। ফলে আগের চেয়ে অনেক দ্রুত ও সহজে কর্মী নিয়োগ দেওয়া সম্ভব হবে।
১৩ ধরনের ওয়ার্ক পারমিট
আমিরাতের শ্রম আইনের নির্বাহী বিধিমালা অনুযায়ী বর্তমানে ১৩ ধরনের ওয়ার্ক পারমিটের সুবিধা দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে বিদেশ থেকে কর্মী নিয়োগের পারমিট, নিয়োগকর্তা পরিবর্তনের জন্য ট্রান্সফার পারমিট, পরিবারের স্পন্সরশিপে থাকা ব্যক্তিদের জন্য ওয়ার্ক পারমিট, সাময়িক ওয়ার্ক পারমিট, ওয়ান-মিশন ওয়ার্ক পারমিট, পার্ট-টাইম ওয়ার্ক পারমিট, অপ্রাপ্তবয়স্কদের ওয়ার্ক পারমিট, শিক্ষার্থী প্রশিক্ষণ ও কর্মসংস্থান পারমিট, সংযুক্ত আরব আমিরাত ও জিসিসি নাগরিকদের জন্য বিশেষ পারমিট, গোল্ডেন ভিসাধারীদের ওয়ার্ক পারমিট, ন্যাশনাল ট্রেইনি পারমিট, ফ্রিল্যান্স পারমিট এবং গৃহকর্মীদের জন্য পৃথক ওয়ার্ক পারমিট।
এই আধুনিক সেবাকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে যেতে মন্ত্রণালয় একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে। এর মাধ্যমে নিয়োগকর্তা ও চাকরিজীবীরা ঘরে বসেই সব ধরণের আবেদন করতে পারবেন।
ডিজিটাল এই সেবার কার্যকারিতা যাচাই এবং একে আরও জনবান্ধব করতে আগামী ৩০ জুলাই পর্যন্ত একটি অনলাইন গণপরামর্শ (ইলেকট্রনিক কনসালটেশন) কার্যক্রম চালু করা হয়েছে। এই সময়ের মধ্যে সাধারণ জনগণ ও সেবাগ্রহীতারা নতুন সেবাটি নিয়ে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ সরাসরি সরকারকে জানাতে পারবেন।
সংশ্লিষ্টদের মতে, এই যুগান্তকারী পদক্ষেপ একদিকে যেমন আমিরাতের বেসরকারি খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করবে, অন্যদিকে কর্মীদের অধিকার সুরক্ষায় ও দেশের শ্রমবাজারের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে বড় ভূমিকা রাখবে।
এম
আপনার মতামত লিখুন :