আজ থেকে ৫ ধরণের পণ্য বিক্রি করবে টিসিবি, কোনটির দাম কত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৯:২২ এএম
আজ থেকে ৫ ধরণের পণ্য বিক্রি করবে টিসিবি, কোনটির দাম কত

পবিত্র রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির বিশেষ কর্মসূচি আজ (মঙ্গলবার) থেকে শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিম্নআয়ের মানুষের সহায়তায় ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে দেশব্যাপী এ বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে।

টিসিবি জানায়, ১৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত মোট ২০ কার্যদিবস (শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া) ট্রাক সেল চলবে। সরকারের নির্দেশনায় এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে রমজানকে সামনে রেখে বাজারে নিত্যপণ্যের চাপ কিছুটা কমানো যায়।

সারা দেশে ৪৫০ ট্রাক

বিতরণ ব্যবস্থার আওতায় ঢাকায় ৫০টি এবং চট্টগ্রাম মহানগরে ২০টি ট্রাক থাকবে। এছাড়া অন্য সাত বিভাগীয় শহরে ১৫টি করে এবং বাকি ৫৫ জেলা শহরে ৫টি করে ট্রাক পণ্য বিক্রি করবে। সব মিলিয়ে সারা দেশে ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে।

প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে ৪০০ জন ভোক্তা ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর কিনতে পারবেন। এই কর্মসূচির মাধ্যমে প্রায় ৩৫ লাখ মানুষের কাছে মোট ২৩ হাজার মেট্রিক টন পণ্য পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

নির্ধারিত দাম ও ক্রয়সীমা

প্রতি ক্রেতা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল (প্রতি লিটার ১১৫ টাকা), ১ কেজি চিনি (৮০ টাকা), ২ কেজি মসুর ডাল (৭০ টাকা কেজি), ১ কেজি ছোলা (৬০ টাকা) এবং আধা কেজি খেজুর (১৬০ টাকা) কিনতে পারবেন।

ফ্যামিলি কার্ডধারীদের জন্য আলাদা বরাদ্দ

টিসিবি আরও জানিয়েছে, স্মার্ট ফ্যামিলি কার্ডধারী প্রায় ৬৬ লাখ পরিবারের জন্য ভর্তুকিমূল্যে পণ্য বিতরণ অব্যাহত থাকবে। রমজান উপলক্ষে ফেব্রুয়ারিতে ৪০ হাজার ৩০০ মেট্রিক টন এবং মার্চে ৩৩ হাজার মেট্রিক টন পণ্য বরাদ্দ করা হয়েছে।

কার্ডধারীরা নির্ধারিত মূল্যে তেল, চিনি ও ডাল কেনার পাশাপাশি অতিরিক্তভাবে ছোলা (৬০ টাকা/কেজি) ও খেজুর (১৬০ টাকা/কেজি) সংগ্রহ করতে পারবেন।

টিসিবি জানিয়েছে, নির্ধারিত ট্রাক সেল পয়েন্টে উপস্থিত হয়ে যে কোনো সাধারণ ভোক্তা এ সুবিধা গ্রহণ করতে পারবেন।

এম

Link copied!