তারেক রহমানকে টেলিফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৯:৫৩ এএম
তারেক রহমানকে টেলিফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ দুই দেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছেন।

ঈদের আগের দিন শুক্রবার (২০ মার্চ) দুই নেতার মধ্যে এ টেলিফোন আলাপের খবর দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়।

এক এক্স পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও আন্তরিক কথোপকথনের সময় শাহবাজ শরীফ তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান।

তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে তারেক রহমানকে আশ্বস্ত করেন, সব ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে পাকিস্তান দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

এক্স পোস্টে বলা হয়, উভয় নেতা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। তারা মতপার্থক্য ও বিরোধ নিরসনে সংলাপ ও কূটনীতির ওপর জোর দেন।

শাহবাজ শরীফের ঈদের শুভেচ্ছার প্রতিউত্তরে তারেক রহমান পাকিস্তানের জনগণের শুভকামনা জানান।

উভয় নেতা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার অভিন্ন লক্ষ্য অর্জনে আগামী দিনগুলোতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন বলে এক্স পোস্টে বলা হয়।

এসআই

Link copied!