বাংলাদেশকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিতে চাই: অ্যাটর্নি জেনারেল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ১০:৩১ এএম
বাংলাদেশকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিতে চাই: অ্যাটর্নি জেনারেল

ছবি : সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের প্রতি দেশের মানুষ আস্থা রাখছে। আমার কাছে মনে হয়, এই আস্থাকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। অতীতে রাজনীতি বা বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বশীল ব্যক্তিদের যে ব্যর্থতা ছিল, তা কাটিয়ে উঠে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। আমরা বাংলাদেশকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিতে চাই।”

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, “বাংলাদেশের মানুষের প্রত্যাশা- ক্ষুধা ও দারিদ্রমুক্ত সত্যিকারের স্বাধীন বাংলাদেশ। সেই স্বাধীনতার পরিধির বাইরে আইন-আদালত থাকতে পারে না। তাই মানুষের প্রত্যাশা হলো- আইনের শাসন প্রতিষ্ঠা হবে, মৌলিক অধিকার নিশ্চিত হবে, সুশাসন থাকবে এবং মানুষ সুবিচার পাবে।”

তিনি বলেন, “আমি মনে করি, ২০২৪ সালের ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন এ দেশের মানুষের মনে প্রতিষ্ঠিত হয়েছে এবং ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে আমরা যে গণতান্ত্রিক যাত্রা শুরু করেছি- এই প্রেক্ষাপটে আমাদের প্রত্যেকেরই সংকল্প হওয়া উচিত, সেই প্রত্যাশাগুলো পূরণ করা; যা বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরেও কখনো বাস্তবে পায়নি।”

তিনি আরো বলেন, “আমরা সেই স্বপ্ন পূরণের দিকেই এগিয়ে যাব। ইতোমধ্যেই নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশার মানও বেড়েছে। আমি মনে করি, দায়িত্ব পালন করে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলাই হবে আমাদের মূল লক্ষ্য। সেই প্রেক্ষিতে আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই- যারা বিভিন্ন দায়িত্বে আছেন, আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করুন।”

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, স্বাধীনতা দিবসের প্রসঙ্গে বলতে গেলে, বিগত সময়ে যে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, তা আমরা অস্বীকার করতে পারি না। সেই শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পেছনে আমাদের আইন ও বিচার অঙ্গনের কোনো ভূমিকা ছিল না- এমনটি বলারও সুযোগ নেই। দীর্ঘদিন ধরে যে পরিস্থিতি বিরাজ করছিল, সেখানে বিচার বিভাগকে সম্পূর্ণ দায়মুক্ত বলা যায় না।”

পিএস

Link copied!