মন্ত্রীর দুঃখ প্রকাশ, মাগুরা পল্লী বিদ্যুৎ জিএম বরখাস্ত

২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৭ কোটি টাকা,

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০২:৫৪ পিএম
২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৭ কোটি টাকা,

ছবি: সংগৃহীত

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে প্রায় ৫০৭ কোটি টাকার অস্বাভাবিক বিল তৈরির ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের নির্দেশনায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রাথমিক তদন্তে জানা যায়, মিটার পরিবর্তনের সময় অসাবধানতাবশত মিটারের সিল নম্বরের অঙ্কগুলো ভুলবশত ডিমান্ড চার্জের ঘরে পোস্টিং হয়ে যায়। গত ৮ সেপ্টেম্বর ইস্যুকৃত ওই বিলে ২৩৫ ইউনিট ব্যবহারের বিপরীতে আসল বিল ১ হাজার ৯৬৩ টাকা হওয়ার কথা থাকলেও, ভুল পোস্টিংয়ের কারণে ভ্যাট ও ডিমান্ড চার্জসহ মোট বিল দাঁড়ায় ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা। নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করলে বিলম্ব মাশুলসহ যার পরিমাণ দাঁড়াত ৫৩০ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৭৬৪ টাকা।

ভুতুড়ে এই বিলের ঘটনা জানাজানির পর ভুক্তভোগী গ্রাহক মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী মোছা. আলেয়া খাতুনের সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন বিদ্যুৎমন্ত্রী। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য তিনি গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করেন এবং তাকে জানান যে ইতিমধ্যে বিলটি সংশোধন করে সঠিক বিল পৌঁছে দেওয়া হয়েছে।

ভবিষ্যতে এ ধরনের সমস্যা হলে সরাসরি কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনবান্ধব ও সেবাধর্মী প্রশাসন নিশ্চিত করতে বদ্ধপরিকর। এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধেও বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রেজাউল করিমও মিটার পরিবর্তনের সময় সিল নম্বর ভুলভাবে এন্ট্রি হওয়ার বিষয়টি স্বীকার করেছিলেন।

 এসএইচ 

Link copied!