বিভ্রান্তিকর আবেদনের কোনো প্রভাব নেই, লাঙল আমাদের অধিকার: আনিসুল 

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৫:৪১ পিএম
বিভ্রান্তিকর আবেদনের কোনো প্রভাব নেই, লাঙল আমাদের অধিকার: আনিসুল 

ফাইল ছবি:

জাতীয় পার্টির লাঙল প্রতীক কেবল বৈধ নেতৃত্বের মালিক বলে দাবি করেছেন একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরাই লাঙল প্রতীর বৈধ মালিক।

আনিসুল ইসলাম মাহমুদ জানান, জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিল ৯ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। ওই কাউন্সিলে তিনি সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান এবং এ বি এম রুহুল আমিন হাওলাদার মহাসচিব নির্বাচিত হয়েছেন। এরপর নতুন কমিটি নির্বাচন কমিশনে জমা দিয়েছে দল।

তিনি আরও বলেন, ‘লাঙল প্রতীক কোনো ব্যক্তির নয়। এটি নির্বাচন কমিশনের নিবন্ধিত ১২ নম্বর জাতীয় পার্টির প্রতীক। বিভ্রান্তিকর আবেদনের কোনো প্রভাব নেই।’

সংবাদ সম্মেলনে মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী লাঙল প্রতীকের একমাত্র বৈধ দাবিদার আমাদের নেতৃত্বই।’

তিনি আশ্বাস দেন, নির্বাচন কমিশন দ্রুত সঠিক সিদ্ধান্ত নেবে এবং বৈধ নেতৃত্বকে স্বীকৃতি দেবে।

সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলাসহ অন্য নেতারা।

এসএইচ

Link copied!