গণভোট বাস্তবায়ন না হলে হরতালের হুঁশিয়ারি জেডিপির

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৬:৪৮ পিএম
গণভোট বাস্তবায়ন না হলে হরতালের হুঁশিয়ারি জেডিপির

ফাইল ছবি

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে আগামী ডিসেম্বরে হরতাল ডাকার হুঁশিয়ারি দিয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)। একই সঙ্গে চলমান হাম ও ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ হলে এসব রোগে প্রাণ হারানো শিশুদের লাশ নিয়ে অভিভাবকেরা রাস্তায় নেমে আসতে পারেন বলেও সতর্ক করেছেন দলটির আহ্বায়ক নাঈম আহমাদ।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে ‘জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা, জনবিরোধী আইন প্রণয়ন ও জনদুর্ভোগের বিরুদ্ধে’ আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন বক্তারা।

স্বাস্থ্যখাতের চরম সংকট ও শূন্য পদের চিত্র তুলে ধরে জেডিপির আহ্বায়ক নাঈম আহমাদ বলেন, সরকারি হাসপাতালে প্রায় সাড়ে ১১ হাজার পদ খালি থাকলেও সরকার মাত্র পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে অর্ধেকেরও কম চিকিৎসক কর্মরত থাকায় গ্রামের চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়েছে। এতে প্রতিনিয়ত হাজার হাজার রোগী উন্নত চিকিৎসার জন্য ভারতে পাড়ি দিতে বাধ্য হচ্ছেন এবং বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে চলে যাচ্ছে। তিনি হামে প্রায় দেড় লাখ ও ডেঙ্গুতে ৬৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হওয়ার প্রসঙ্গ টেনে বলেন, এই মহামারি মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা অবকাঠামো গড়ে না তুললে অভিভাবকেরা রাজপথে নামতে বাধ্য হবেন।

প্রতিবাদ সভায় জাতীয় নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত সংবিধান সংস্কারের গণভোটের রায় অবমূল্যায়নের অভিযোগ তোলেন গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের আহ্বায়ক ফাহিম মাশরুর। তিনি বলেন, প্রায় ৭০ শতাংশ জনগণের দেওয়া ‘হ্যাঁ’ জয়যুক্ত হলেও বিএনপির নেতৃত্বাধীন সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী এখন সেই রায়কে অসাংবিধানিক বলছেন, যা স্পষ্টতই জনগণের সঙ্গে প্রতারণা।

অন্যান্য বক্তারা নতুন সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ও গুম প্রতিরোধ সম্পর্কিত নতুন আইনের সমালোচনা করেন। ডিএসএ ভিক্টিমস নেটওয়ার্কের আহ্বায়ক গোলাম মাহফুজ জোয়ার্দার ও জেডিপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল আলিম অভিযোগ করে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের দমনমূলক বিধানগুলোকে নতুন নামে ফিরিয়ে আনা হচ্ছে এবং রাষ্ট্রের নিরাপত্তার অজুহাতে যেকোনো নাগরিককে হেফাজতে নেওয়ার আইনি সুযোগ তৈরি করা হচ্ছে।

জেডিপির যুগ্ম সদস্য সচিব মাহতাব হোসেন সাব্বিরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সার-জ্বালানি সংকট নিরসন এবং দ্রব্যমূল্য কমানোর জোর দাবি জানানো হয়। সভায় রাষ্ট্র সংস্কার আন্দোলন, জাতীয় ছাত্রমঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসএইচ 

Link copied!