পঙ্কজ রায়ের ওপর হামলা, প্রধান আসামি এখনো অধরা

  • খুলনা ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৬:৩৭ পিএম
পঙ্কজ রায়ের ওপর হামলা, প্রধান আসামি এখনো অধরা

ছবি: প্রতিনিধি

খুলনার আড়ংঘাটা থানার শলুয়া এলাকায় চাঁদা না পেয়ে পঙ্কজ রায় নামের এক দলিল লেখকের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্র নিয়ে চালানো এই হামলায় তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় পুলিশ এজাহারভুক্ত আট আসামিকে গ্রেপ্তার করলেও মামলার এক নম্বর ও প্রধান আসামি এখনো অধরা রয়েছেন। উল্টো মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় উজ্জ্বল বিশ্বাসের নেতৃত্বে সুকুমার রায়, শিমুল মণ্ডল, সাদ্দাম, এনামুল, চিত্ত মণ্ডল, পলাশ মণ্ডল, মো. খানজাহান আলী জীবন ও আনিসুর রহমানসহ পাঁচ থেকে ছয়জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি পঙ্কজ রায়ের ওপর অতর্কিত হামলা চালান। রামদা ও দেশীয় অস্ত্রের এলোপাথাড়ি কোপে গুরুতর আহত পঙ্কজকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় আড়ংঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আট আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। তবে ঘটনার দীর্ঘদিন পার হলেও মামলার প্রধান আসামি উজ্জ্বল বিশ্বাসকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ভুক্তভোগী পঙ্কজ রায়ের পরিবারের অভিযোগ, প্রধান আসামি উজ্জ্বল বিশ্বাস প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাঁকে গ্রেপ্তারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। চাঁদার বাকি টাকা পরিশোধ করা এবং মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ থেকে প্রতিনিয়ত তাঁদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।

ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী অবিলম্বে প্রধান আসামি উজ্জ্বল বিশ্বাসকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং পরিবারের নিরাপত্তা বিধানের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

এসএইচ 

Link copied!