বাংলাদেশিদের জন্য বিনা খরচে ফ্রান্সে মাস্টার্স ও পিএইচডি, যেভাবে আবেদন করবেন

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৬, ১১:০৯ পিএম
বাংলাদেশিদের জন্য বিনা খরচে ফ্রান্সে মাস্টার্স ও পিএইচডি, যেভাবে আবেদন করবেন

ফ্রান্সে উচ্চশিক্ষা নিতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে ফ্রান্স এক্সিলেন্স আইফেল স্কলারশিপ। দেশটির খ্যাতনামা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্নাতকোত্তর (মাস্টার্স) ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ করে দিতে এ বৃত্তি পরিচালনা করে ফরাসি পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রণালয়।

বাংলাদেশি শিক্ষার্থীরাও এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির মূল লক্ষ্য হলো বিশ্বের মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফ্রান্সের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আকৃষ্ট করা। তবে আবেদনের জন্য শিক্ষার্থীদের নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

আবেদনের যোগ্যতা ও বয়সসীমা

আইফেল স্কলারশিপে আবেদনকারীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে শিক্ষার স্তর অনুযায়ী। স্নাতকোত্তর পর্যায়ের জন্য আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৯ বছর এবং পিএইচডি পর্যায়ের জন্য সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।

যেভাবে আবেদন করবেন

এ বৃত্তির জন্য শিক্ষার্থীরা সরাসরি ক্যাম্পাস ফ্রান্সে আবেদন করতে পারবেন না। বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও সরাসরি আবেদন গ্রহণ করা হয় না। নির্ধারিত নিয়মের বাইরে আবেদন জমা দিলে তা বাতিল হতে পারে।

আবেদনের প্রথম ধাপে শিক্ষার্থীকে নিজের শিক্ষাগত যোগ্যতা ও ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ফরাসি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাক্রম নির্বাচন করতে হবে। এরপর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে যোগাযোগ করে আইফেল স্কলারশিপের আবেদনপ্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনের শেষ সময় সম্পর্কে জানতে হবে।

প্রাথমিক যাচাই-বাছাই শেষে বিশ্ববিদ্যালয় কোনো শিক্ষার্থীকে মনোনীত করলে, সেই শিক্ষাপ্রতিষ্ঠানই তাঁর পক্ষে ক্যাম্পাস ফ্রান্সে আনুষ্ঠানিক আবেদন জমা দেবে।

আবেদনের শেষ তারিখ

বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে ক্যাম্পাস ফ্রান্সে আবেদন পাঠানোর শেষ তারিখ ৬ জানুয়ারি ২০২৭। তবে বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব প্রক্রিয়ার জন্য এর আগেই আলাদা সময়সীমা নির্ধারণ করতে পারে। তাই আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত পছন্দের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে। 

আইফেল স্কলারশিপের আবেদনপ্রক্রিয়া ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশের ওয়েবসাইটে। বৃত্তিসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশের ফেসবুক পেজেও। আগ্রহী শিক্ষার্থীদের আবেদন করার আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের শর্ত, অভ্যন্তরীণ সময়সীমা এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে নিশ্চিত হয়ে নেয়া উচিত।

এম

Link copied!