আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে রেফারি সেই ‘বিতর্কিত’ ফিশার

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ১১:৩৫ এএম
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে রেফারি সেই ‘বিতর্কিত’ ফিশার

বিশ্বকাপের শেষ ৩২-এর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। আগামী শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শুরু হবে এই মাঠের লড়াই। তবে ম্যাচ শুরুর আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন মাঠের রেফারি। গুরুত্বপূর্ণ এই ম্যাচটি পরিচালনার জন্য কানাডিয়ান রেফারি ড্রিউ ফিশারকে চূড়ান্ত করেছে ফিফা, যার অতীত ক্যারিয়ারে জড়িয়ে রয়েছে বড় ধরনের এক রেফারিং বিতর্ক।

ক্যালগারিতে জন্ম নেওয়া ফিশার উত্তর আমেরিকান ফুটবল অঙ্গনে বেশ পরিচিত মুখ। ২০১৫ সাল থেকে আন্তর্জাতিক অঙ্গনে ম্যাচ পরিচালনা করা এই রেফারি মেজর লিগ সকারে (এমএলএস) এখন পর্যন্ত ২২৯টি ম্যাচ সামলেছেন। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির দল ইন্টার মায়ামি যখন ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-২ গোলে হারিয়ে তাদের প্রথম লিগ শিরোপা উঁচিয়ে ধরেছিল, সেই ঐতিহাসিক ম্যাচেও বাঁশি ছিল এই ফিশারের হাতেই।

তবে ফিশারের ক্যারিয়ার পুরোপুরি নিষ্কণ্টক নয়। ২০২৩ সালের কনকাকাফ নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে মেক্সিকো ও হন্ডুরাসের মধ্যকার ম্যাচে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। সেই ম্যাচে মেক্সিকোর পক্ষে পক্ষপাতিত্বের এক গুরুতর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

ম্যাচের মূল রেফারি ইভান বার্টনকে ভিএআর বুথ থেকে অতিরিক্ত সময় (স্টপেজ টাইম) বাড়ানোর জন্য চাপ দেওয়ার অভিযোগ ছিল ফিশারের বিরুদ্ধে। পরবর্তীতে রেফারি বার্টন প্রকাশ করেন, ফিশার তাকে প্রায় ১০ মিনিটের মতো সময় বাড়াতে বলেছিলেন। বার্টন প্রথমে ৯ মিনিট যোগ করলেও ফিশারের আপত্তিতে আরও ২ মিনিট বাড়াতে বাধ্য হন। আর এই বর্ধিত সময়ের দশম মিনিটেই গোল করে ম্যাচ সমতায় ফেরে মেক্সিকো এবং শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় ছিনিয়ে নেয়। যদিও এই ঘটনার রেশ কাটার আগেই মেক্সিকো-যুক্তরাষ্ট্রের ফাইনালে ফিশারকে প্রধান রেফারি করে পুরো বিতর্কটি এক প্রকার ধামাচাপা দেওয়া হয়।

আর্জেন্টিনার ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা ফিশারের জন্য অবশ্য এটিই প্রথম নয়। এর আগে ২০২৪ সালের কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে আলবিসেলেস্তেদের দায়িত্ব পালন করেছিলেন তিনি। যেখানে অ্যাঞ্জেল ডি মারিয়ার একমাত্র গোলে ইকুয়েডরকে ১-০ ব্যবধানে হারিয়েছিল লিওনেল স্কালোনির শিষ্যরা।

চলমান বিশ্বকাপে মাঠের রেফারি হিসেবে এটিই ফিশারের প্রথম অভিজ্ঞতা। এর আগে গ্রুপ পর্বে ইরাক বনাম ফ্রান্স এবং ক্রোয়েশিয়া বনাম ঘানার ম্যাচ দুটি পরিচালনা করেছেন তিনি, যার দুটিতেই জিতেছিল ইউরোপের দলগুলো। এছাড়া গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপেও পিএসজির বিপক্ষে বোটাফোগোর জয় এবং উইদাদের বিপক্ষে আল আইনের জয়ের ম্যাচে রেফারি হিসেবে মাঠে ছিলেন ফিশার।

এখন দেখার বিষয়, কেপ ভার্দের বিপক্ষে আলবিসেলেস্তেদের এই গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে ফিশারের রেফারিং কতটা নিঁখুত ও বিতর্কহীন থাকে।

এম

Link copied!