২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর পর থেকেই ফুটবল অঙ্গনে বারবার শোনা যাচ্ছে—‘ফিফা আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছে’, ‘বিশ্বকাপ সাজানো’, কিংবা ‘লিওনেল মেসিকে ফাইনালে তুলতেই ফিফার এই পরিকল্পনা’। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মেসির সেই চ্যালেঞ্জ এবং মিশর ও সুইজারল্যান্ডের ম্যাচে ভিএআরের সিদ্ধান্তগুলো এসব অভিযোগকে আরও উসকে দেয়। অনেকের দাবি, পুরো টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে।
অবশেষে এসব অভিযোগের জবাব দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠাই প্রমাণ করে যে আর্জেন্টিনা বিশ্বের অন্যতম সেরা দল। তাদের এই সাফল্য কোনোভাবেই ‘কাকতালীয়’ নয়। প্রতিবেদন এনডিটিভির।
বুধবার (১৫ জুলাই) রাতে আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে একসময় বিদায়ের শঙ্কায় পড়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ৫৫তম মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। তবে শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তন করে আর্জেন্টিনা। লিওনেল মেসির জোড়া অ্যাসিস্ট থেকে গোল করেন এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজ। নাটকীয় এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।
তবে আর্জেন্টিনার এবারের বিশ্বকাপ যাত্রা নানা বিতর্কে ঘেরা। বেশ কয়েকটি ম্যাচে রেফারির সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে গেছে বলে অভিযোগ উঠেছে। যদিও এসব অভিযোগকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন মেসি।
সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, ‘কারও খারাপ লাগলে লাগুক। গত চার বছর ধরে আমরাই সেরা দল। কেউ পছন্দ করুক বা না-ই করুক, বাস্তবতা বদলাবে না। আবারও আমরা বিশ্বের সেরা দুই দলের একটিতে জায়গা করে নিয়েছি। এটিই প্রমাণ করে, আমাদের অর্জন কোনো ভাগ্যের ফল নয়, কেউ আমাদের কিছু উপহারও দেয়নি। টানা দুটি বিশ্বকাপের ফাইনালে ওঠা খুব কম দলের পক্ষেই সম্ভব হয়েছে, আর আমাদের এই দল সেটাই করে দেখিয়েছে।’
তিনি আরও বলেন, ‘যদি আমরা ইংল্যান্ডের কাছে হেরে যেতাম, তাহলে অনেকে নানা রকম কথা বলত। কিন্তু আমরা তাদের সেই সুযোগ দিইনি। আমরা জানতাম, ফুটবলীয় দিক থেকে আমরা তাদের চেয়ে ভালো। তবে এমন বড় ম্যাচে অনেক কিছুই ঘটে, ইতিহাসও তৈরি হয়।’
সেমিফাইনালের এই জয়টি আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকেও উৎসর্গ করেছেন মেসি। ৪০ বছর আগে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার স্মরণীয় পারফরম্যান্সের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘নিঃসন্দেহে দিয়েগো ওপর থেকে এই মুহূর্তটা উপভোগ করছেন। আজকের দিনটি তার জন্যও খুব বিশেষ। তাকে এই আনন্দ উপহার দিতে পেরে আমরা গর্বিত। তিনি যেভাবেই থাকুন না কেন, ওপর থেকে নিশ্চয়ই এটি উপভোগ করছেন। এই জয় তার জন্যও একটি উপহার।’
এম
আপনার মতামত লিখুন :