ছবি : সংগৃহীত
ঢাকা: ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারটা যতটা না অপ্রত্যাশিত, তার চেয়ে বেশি ছিল একতরফা। ব্যাট হাতে প্রথম ইনিংসে ধস, বল হাতে বাংলাদেশকে চাপে ফেলতে না পারা, দ্বিতীয় ইনিংসেও মিরাজ-হাসানদের সামনে অসহায় আত্মসমর্পণ, কোনো জায়গাতেই স্বাগতিকরা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি। তাই ৯ উইকেটের হারের পর অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সও রাখঢাক না করে মেনে নিলেন, ‘বাংলাদেশ সব বিভাগেই আমাদের ছাড়িয়ে গেছে।’
ম্যাচ শেষে কামিন্স বলেন, ‘বাংলাদেশের কাছ থেকে কোনো কৃতিত্ব কেড়ে নেওয়া যাবে না। তারা দারুণ খেলেছে। তবে আগামী কয়েক দিনে আমাদের পারফরম্যান্স নিয়ে অনেক আলোচনা হবে।’
অস্ট্রেলিয়া অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় আমাদের প্রস্তুতি একদম ঠিকঠাক ছিল। কোনো অজুহাত নেই। তারা ভালো খেলেছে। আমাদের আরও লম্বা সময় ব্যাট করতে হতো। এরপর বল হাতেও আমরা তাদের চাপে ফেলতে পারিনি।’
বাংলাদেশের ধৈর্য ও শৃঙ্খলাবদ্ধ বোলিংয়ের প্রশংসা করে কামিন্স বলেন, ‘সব দিক থেকেই তারা আমাদের চেয়ে ভালো খেলেছে। তারা ধৈর্যশীল ও শৃঙ্খলাবদ্ধ ছিল।’
জশ হ্যাজলউডের প্রসঙ্গে কামিন্স বলেন, চোটের কারণে সাম্প্রতিক সময়ে তিনি ভালো সময় পার করছেন না। তবে হ্যাজলউড দলের অন্যতম পরিশ্রমী ক্রিকেটার।
ক্যামেরন গ্রিনের ব্যাটিংয়েরও প্রশংসা করেছেন কামিন্স। তিনি বলেন, ‘গ্রিনের ব্যাটিংয়ের গতি দেখিয়েছে সে কতটা ভালো খেলোয়াড়। তার সঙ্গে আমাদের আরও দু-একজনকে টিকে থাকতে হতো।’
তবে এই হার থেকে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও ব্যক্ত করেছেন কামিন্স। তাঁর ভাষায়, ‘আমরা ঘুরে দাঁড়াতে বেশ ভালোভাবেই জানি।’
ডারউইনে চার দিনের টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই তানজিদ হাসানকে হারালেও শাদমান ইসলাম ও মুমিনুল হকের ব্যাটে অনায়াসে জয় নিশ্চিত করে বাংলাদেশ। মুমিনুল বিউ ওয়েবস্টারকে চার মেরে জয় নিশ্চিত করেন। ঐতিহাসিক মুহূর্তে মারারা স্টেডিয়ামে উপস্থিত বাংলাদেশি দর্শকেরা উল্লাসে ফেটে পড়েন।
এসআই