ছবি: নিজস্ব
ঢাকা: জলসিঁড়ি গলফ ক্লাবে অনুষ্ঠিত প্রবৃদ্ধি প্রফেশনাল গলফার্স টুর্নামেন্ট ২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছেন মো. রাজু। ৯ আন্ডার পার স্কোর নিয়ে পেশাদার বিভাগে শিরোপা জেতেন তিনি। একই বিভাগে ৭ আন্ডার পার স্কোর করে রানারআপ হয়েছেন বাদল হোসেন।
বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) আয়োজনে এবং প্রবৃদ্ধি গ্রুপের পৃষ্ঠপোষকতায় গত ২৩ নভেম্বর শুরু হয় চার দিনের এই প্রতিযোগিতা। এতে ৮২ জন পেশাদার ও ৮ জন অ্যামেচারসহ মোট ৯০ জন গলফার অংশ নেন।
অ্যামেচার বিভাগে ১৯ ওভার পার স্কোর নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন মো. রাহিম হোসেন। এবারের প্রতিযোগিতায় বিশেষ আকর্ষণ ছিল হোল-ইন-ওয়ান। ৬ নম্বর হোলে এই কৃতিত্ব অর্জন করেন মো. ইয়াসিন।
২৬ নভেম্বর টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট কস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে. চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রবৃদ্ধি গ্রুপের চেয়ারম্যান মেজর জেনারেল জীবন কানাই দাস।
অনুষ্ঠানে প্রবৃদ্ধি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রবির কুমার সাহা, বিপিজিএ সভাপতি মোহাম্মদ ইউনুছ, মহাসচিব সিফাত আহমেদ চৌধুরী, জলসিঁড়ি গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, বিপিজিএর নির্বাহী কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিপিজিএ সভাপতি মোহাম্মদ ইউনুছ বলেন, দেশের পেশাদার গলফের উন্নয়ন ও অগ্রগতিকে সংগঠনটি গুরুত্ব দিচ্ছে। গলফারদের দক্ষতা বাড়ানো, নিয়মিত প্রতিযোগিতার আয়োজন এবং খেলাটির সার্বিক বিকাশে বর্তমান নির্বাহী কমিটি কাজ করছে। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় বাংলাদেশের গলফাররা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও ভালো সাফল্য অর্জন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
পিএস