টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে ভারত। রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান করেছে টিম ইন্ডিয়া।
বিশ্বকাপের ফাইনালের মতো চাপের ম্যাচে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় স্কোর। এর আগে টি–টোয়েন্টি বিশ্বকাপের কোনো ফাইনালে এত বড় সংগ্রহ গড়তে পারেনি কোনো দল।
জয়ের জন্য নিউজিল্যান্ডকে ১২০ বলে করতে হবে ২৫৬ রান। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বিশ্বকাপে আগে তিন ম্যাচে হারেনি কিউইরা, তবে এত বড় লক্ষ্য তাড়া করা তাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এক লাখের বেশি দর্শকে ভরা গ্যালারির গর্জন এবং ভারতের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে রান তাড়া করা ব্ল্যাক ক্যাপসদের জন্য সহজ হবে না। তবে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে আড়াইশর বেশি রান তাড়া করে জয়ের নজির আছে। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে স্বাগতিকদের বিপক্ষে ২৫৮ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলে ভারত। পাওয়ার প্লের প্রথম ৬ ওভারেই তারা তুলে নেয় বিনা উইকেটে ৯২ রান। প্রথম ১০ ওভারে ১ উইকেটে ভারতের সংগ্রহ ছিল ১২৭ রান। শেষ ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে আরও ১২৮ রান যোগ করে তারা।
ইনিংসের ১৬তম ওভারে দ্রুত তিন উইকেট হারালেও শেষ দিকে শিবম দুবের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় ভারত। শেষ ওভারে তিনটি চার ও দুটি ছক্কার সাহায্যে ২৪ রান তোলেন তিনি।
ভারতের হয়ে ওপেনার সাঞ্জু স্যামসন ৪৬ বলে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। আটটি ছক্কায় সাজানো এই ইনিংসের মাধ্যমে তিনি টি–টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও গড়েন।
অন্য ওপেনার অভিষেক শর্মা ২১ বলে ৫২ রান করেন। উদ্বোধনী জুটিতে ৭.১ ওভারে ৯৮ রান যোগ করেন তারা। পরে ইশান কিশান ২৫ বলে ৫৪ রান করে আউট হন। স্যামসনের সঙ্গে তার জুটি ছিল ৪৮ বলে ১০৫ রানের।
নিউজিল্যান্ডের হয়ে জেমি নিশাম ৪৬ রান দিয়ে ৩ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ২৫৫/৫ (স্যামসন ৮৯, ইশান ৫৪, অভিষেক ৫২, দুবে ২৬*, পান্ডিয়া ১৮; নিশাম ৩/৪৬, রবীন্দ্র ১/৩২, হেনরি ১/৪৯)।
এম
আপনার মতামত লিখুন :