• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঈদযাত্রায় আজ মিলছে ১৫ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট


নিজস্ব প্রতিবেদক মার্চ ৫, ২০২৬, ১০:৫৫ এএম
ঈদযাত্রায় আজ মিলছে ১৫ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাতায়াত সহজ করতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি চলছে। তৃতীয় দিন বৃহস্পতিবার (৫ মার্চ) যাত্রীরা ১৫ মার্চের ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারছেন।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, এবারও শতভাগ অনলাইনে টিকিট বিক্রি করা হচ্ছে। সার্ভারের ওপর চাপ কমাতে অঞ্চলভেদে আলাদা সময়ে টিকিট ছাড়া হচ্ছে।

সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর ১৫ মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর একই দিনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

এর আগে ৩ ও ৪ মার্চ যথাক্রমে ১৩ ও ১৪ মার্চের ট্রেনের টিকিট বিক্রি করা হয়। এছাড়া ৬, ৭, ৮ ও ৯ মার্চ যথাক্রমে ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চের অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

ঈদ শেষে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে। ওই দিন ২৩ মার্চের টিকিট পাওয়া যাবে। পরবর্তী দিনগুলোতে পর্যায়ক্রমে ২৪ থেকে ২৯ মার্চ পর্যন্ত যাত্রার টিকিট বিক্রি করা হবে।

যাত্রীরা রেইল সেবা অ্যাপ বা বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন। এজন্য প্রথমে ওয়েবসাইটে লগইন করে ভ্রমণের তারিখ, যাত্রা শুরুর স্টেশন, গন্তব্য এবং শ্রেণি নির্বাচন করে টিকিট খুঁজতে হবে।

ট্রেনের তালিকা থেকে আসন খালি থাকলে পছন্দের সিট নির্বাচন করে অনলাইনে বুকিং সম্পন্ন করা যাবে। ভিসা বা মাস্টারকার্ডের পাশাপাশি বিকাশের মাধ্যমেও পেমেন্ট করা যাবে। বুকিং সম্পন্ন হলে ই-টিকিট স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে এবং ই-মেইলেও কপি পাঠানো হবে।

ই-মেইল থেকে টিকিট প্রিন্ট করে প্রয়োজনীয় পরিচয়পত্রসহ সংশ্লিষ্ট স্টেশন থেকে যাত্রার আগে মূল টিকিট সংগ্রহ করা যাবে।

এম

Wordbridge School
Link copied!