• ঢাকা
  • শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এবার যে কারণে হরমুজে আটকে গেল ‘বাংলার জয়যাত্রা’


নিউজ ডেস্ক এপ্রিল ১৮, ২০২৬, ০৯:৩৭ এএম
এবার যে কারণে হরমুজে আটকে গেল ‘বাংলার জয়যাত্রা’

হরমুজ প্রণালি অতিক্রমের আরেকটি চেষ্টা ব্যর্থ হয়েছে বাংলার জয়যাত্রা জাহাজটির। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন এ জাহাজটি ইরানি বাহিনীর নির্দেশে মাঝপথেই থামতে বাধ্য হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করা হলে রাত ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ উপকূলের কাছ থেকে নোঙর তুলে ফুজাইরা অভিমুখে রওনা দেয় জাহাজটি। তবে কয়েক ঘণ্টার মধ্যেই আবারও বাধার মুখে পড়ে।

জানা গেছে, অন্যান্য বাণিজ্যিক জাহাজের মতোই প্রয়োজনীয় অনুমতি ছাড়াই প্রণালি অতিক্রমের চেষ্টা করে জাহাজটি। রাত ১১টা ৫০ মিনিটের দিকে এটি হরমুজ প্রণালিতে প্রবেশ করলেও রাত সাড়ে ১২টার দিকে ইরানি নৌবাহিনী রেডিও বার্তার মাধ্যমে সব জাহাজকে ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেয়। পাশাপাশি জানানো হয়, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী-এর অনুমতি ছাড়া কেউ প্রণালি অতিক্রম করতে পারবে না।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, অনুমতি চাওয়ার পর কোনো স্পষ্ট বার্তা না পাওয়ায় তারা ধরে নিয়েছিলেন প্রণালিটি চলাচলের জন্য উন্মুক্ত। তার মতে, একই সময় প্রায় ৪০টি বাণিজ্যিক জাহাজ হরমুজের দিকে যাত্রা শুরু করেছিল এবং ‘বাংলার জয়যাত্রা’ও তাদের অনুসরণ করছিল।

তিনি আরও বলেন, জাহাজটি স্বাভাবিক গতিতে চলতে থাকলে ভোরের মধ্যে প্রণালি অতিক্রম করে ওমান সাগরে পৌঁছানো সম্ভব ছিল। কিন্তু হঠাৎ ইরানি নির্দেশে সব জাহাজের অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, ইরান-সংক্রান্ত আঞ্চলিক উত্তেজনার কারণে এর আগে প্রায় ৪০ দিন ধরে ৩১ জন নাবিকসহ আটকে ছিল ‘বাংলার জয়যাত্রা’। গত ৮ এপ্রিল পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে রাস আল খায়ের বন্দর থেকে যাত্রা শুরু করলেও ১০ এপ্রিল প্রথমবারের মতো হরমুজ পাড়ি দেওয়ার অনুমতি পায়নি জাহাজটি। পরে আবার শারজাহ বন্দরে ফিরে গিয়ে অপেক্ষা করছিল।

এম

Link copied!