• ঢাকা
  • শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে মাসব্যাপী ইসলামী বইমেলা


নিউজ ডেস্ক সেপ্টেম্বর ১২, ২০২৬, ১০:৫১ এএম
বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে মাসব্যাপী ইসলামী বইমেলা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ বইমেলা চলবে আগামী এক মাস।

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইসলামী বইমেলার উদ্বোধন হওয়ার কথা ছিল। তবে পরে উদ্বোধনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম এ তথ্য জানান। পরিবর্তিত সূচি অনুযায়ী আজ শনিবার থেকে বইমেলার কার্যক্রম শুরু হচ্ছে।

মাসজুড়ে বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের ইসলামি বই নিয়ে এ আয়োজন চলবে।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে বসছে এ বইমেলা। এতে দেশের বিভিন্ন স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান ও ইসলামি বইয়ের প্রকাশকসহ দেশি-বিদেশি মোট ২০৬টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো তাদের প্রকাশিত বিভিন্ন ধরনের ইসলামী বই প্রদর্শন ও বিক্রি করবে।

একই সঙ্গে পাঠকরা এক জায়গায় বিভিন্ন প্রকাশনীর নতুন ও পুরোনো বই দেখার এবং পছন্দের বই সংগ্রহের সুযোগ পাবেন। বইমেলায় পবিত্র কোরআন, তাফসির, হাদিস, সিরাত, ইসলামি দর্শন, ইসলামের ইতিহাস, গবেষণা, ধর্মীয় সাহিত্যসহ বিভিন্ন বিষয়ের বিপুলসংখ্যক বই পাওয়া যাবে। পাশাপাশি শিশু-কিশোরদের উপযোগী ইসলামি বইয়েরও বিশেষ আয়োজন থাকবে।

ইসলামি জ্ঞানচর্চায় আগ্রহী পাঠকদের জন্য একই স্থানে বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের বই দেখার সুযোগ থাকায় মেলাটি জ্ঞানপিপাসুদের আকৃষ্ট করবে বলে আশা করছেন আয়োজকরা। বিশেষ করে নতুন প্রকাশিত বইয়ের সঙ্গে পাঠকদের পরিচিত হওয়ার পাশাপাশি পছন্দের বই সংগ্রহেরও সুযোগ থাকছে।

মাসব্যাপী এ আয়োজনকে পাঠক, লেখক ও প্রকাশকদের মিলনমেলায় পরিণত করার প্রত্যাশা করছে ইসলামিক ফাউন্ডেশন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলামি সাহিত্যপ্রেমী পাঠকদের অংশগ্রহণে মেলাপ্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

আয়োজকদের মতে, এ ধরনের বইমেলা সাধারণ মানুষের মধ্যে ইসলামি জ্ঞানচর্চা ও বই পড়ার অভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ধর্মীয় সচেতনতা বৃদ্ধিতেও এর ইতিবাচক প্রভাব রয়েছে। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে পবিত্র কোরআন, হাদিস এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ তুলে ধরার ক্ষেত্রে এ বইমেলা কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে ইসলামিক ফাউন্ডেশন।

আয়োজকদের প্রত্যাশা, ইসলামী সাহিত্যভিত্তিক এ আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে ধর্মীয় জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ইসলামের শান্তি, সাম্য, মানবিকতা ও কল্যাণের বার্তাও ছড়িয়ে পড়বে।

একই সঙ্গে এবারের বইমেলার আয়োজন ইসলামী সাহিত্যপ্রেমীদের জন্য নতুন বই সংগ্রহের পাশাপাশি জ্ঞানচর্চার একটি বড় সুযোগ তৈরি করেছে। বিপুলসংখ্যক প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেওয়ায় এবারের মেলায় বিভিন্ন শ্রেণি-পেশার পাঠকের উপস্থিতি বাড়বে বলে আশা করছেন আয়োজকরা।

এম

Link copied!